চুক্তি বাড়াতে চাইলো পিএসজি, রাজি নন কিলিয়ান এমবাপে

চুক্তি বাড়াতে চাইলো পিএসজি, রাজি নন কিলিয়ান এমবাপে।

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) অন্যতম সেরা তারকা তিনি। চুক্তি আছে ২০২২ সাল পর্যন্ত। কিন্তু সেইন্ট এটিনের বিপক্ষে ৬-১ গোলের বড় জয়ের পর কিলিয়ান এমবাপের সঙ্গে নতুন করে আলোচনায় বসে পিএসজি। উদ্দেশ্য, আগেভাগেই চুক্তি আরও বাড়িয়ে নেয়া।

সেইন্ট এটিনের বিপক্ষে ম্যাচে এমবাপে করেন এক গোল, দুটি গোলে এসিস্ট। ফরাসি এই তারকাকে এরপরই চুক্তি বাড়ানোর প্রস্তাব পাঠায় পিএসজি। কিন্তু আপাতত খেলার বাইরে কিছু ভাবতে চান না বলে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

স্পেনের বিখ্যাত গণমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র সঙ্গে আলাপচারিতায় এমবাপে বলেন, ‘এটা নিয়ে কথা বলার সময় এখন নয়। এখন সময় ফুটবল খেলার, অনেক কাজ বাকি আছে। আমি শুধু এই মৌসুমের দিকেই মনোযোগ দিতে চাই।’

পিএসজির সঙ্গে নতুন করে চুক্তি করবেন কি? এমন প্রশ্নে এমবাপে কৌশলী উত্তর দেন, ‘আমার কাজ এখন শুধু ফুটবল খেলা। মৌসুমের দিকে মনোযোগ রাখা। ক্লাব এখন স্থিতিশীল পর্যায়ে আছে। এখন তো এসব নিয়ে কথা বলার সময় নয়।’

এদিকে শোনা যাচ্ছে, স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছেন এমবাপে। রিয়ালও দলে এমন একজন তারকাকে পেতে আগ্রহী। সব কথা ঠিকমতো মিললে আগামী মৌসুমে লা লিগায় দেখা যেতে পারে ফরাসি ফরোয়ার্ডকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.