ডোনাল্ড ট্রাম্পের দ্রুত খালাস চেয়েছেন রিপাবলিকান আইনজীবীরা

ডোনাল্ড ট্রাম্পের দ্রুত খালাস চেয়েছেন রিপাবলিকান আইনজীবীরা।

মার্কিন কংগ্রেসের ডেমোক্রেট নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদে আনা অভিশংসনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রিপাবলিকান নেতৃত্বাধীন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে তার বিরুদ্ধে আনা এই অভিযোগের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে, সোমবার সিনেটে জমা দেয়া এক নথিতে প্রেসিডেন্ট ট্রাম্পের দ্রুত খালাসের দাবি জানিয়েছেন তার আইনজীবীরা।

১১৬ পৃষ্ঠার নথিতে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং অভিশংসনের তদন্ত কাজে কংগ্রেসকে সহায়তা না করার অভিযোগ বাতিল চেয়েছেন তার আইনজীবীরা। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের শুনানি শুরু হবে। ট্রাম্পের আইনজীবীরা নথিতে বলেছেন, সিনেটে অভিশংসনের আর্টিকেল বাতিল করে প্রেসিডেন্টকে দ্রুত খালাস দেয়া উচিত ।

অন্যদিকে, সিনেটে রিপাবলিকান দলীয় নেতা মিচ ম্যাককোনেল কিছু আইনি বিধি-বিধানের কথা তুলে ধরেছেন। যেখানে প্রেসিডেন্টের বিরুদ্ধে দ্রুত অভিশংসন বিচার শুরুর কথা বলা হয়েছে। তবে এতে ট্রাম্পের বিরুদ্ধে প্রত্যক্ষদর্শী কিংবা নতুন তথ্য-উপাত্ত উপস্থাপনের সুযোগ নেই। গত বৃহস্পতিবার রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেটে আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের অভিশংসনের বিচারপ্রক্রিয়া শুরু হয়।

বিরোধী ডেমোক্র্যাট দলীয় রাজনীতিক ও দেশটির আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টির চেষ্টা এবং অভিশংসনের তদন্ত-কাজে সহায়তা না করে কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির অভিযোগে গত ১৮ ডিসেম্বর ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প।

রয়টার্স বলছে, মার্কিন সিনেটে ট্রাম্পের ক্ষমতাসীন রাজ্যনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। প্রেসিডেন্টকে অভিশংসিত করতে সিনেটের দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন দরকার। কিন্তু সিনেটে রিপাবলিকান দলীয় ৫৩ সিনেটরের কেউই তাকে ক্ষমতা থেকে সরানোর পক্ষে রায় দেবেন না।

তবে ট্রাম্প শুরু থেকেই কোনও ধরনের ভুল করেননি বলে দাবি করে আসছেন। একই সঙ্গে তাকে অভিশংসনের এই প্রক্রিয়াকে মিথ্যা হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও সিনেটে খালাস পান তারা। হোয়াইট হাউসের ইন্টার্ন মনিকা লিউনস্কির সঙ্গে যৌন সম্পর্কের ব্যাপারে মিথ্যা বলে অভিশংসনের মুখে পড়েছিলেন ক্লিনটন। যদিও দেশটির পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটে বিল ক্লিনটনকে দোষী সাব্যস্ত করা যায়নি।

এছাড়া প্রায় দেড়শ’ বছর আগে মার্কিন প্রথম প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হয়েছিলেন ডেমোক্র্যাট নেতা অ্যান্ড্রু জনসন। ১৮৬৮ সালে কংগ্রেসের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তিনি দেশটির যুদ্ধবিষয়কমন্ত্রী এডউইন স্ট্যানটনকে বরখাস্ত করেছিলেন। ক্ষমতার অপব্যবহার ও বিচারে বাধা দেয়ার অভিযোগে প্রতিনিধি পরিষদে তিনিও অভিশংসিত হন। কিন্তু সিনেটে মাত্র এক ভোট বেশি পাওয়ায় অভিশংসন থেকে বেঁচে যান অ্যান্ড্রু।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.