ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করলে ৩০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করলে ৩০ লাখ ডলার পুরস্কার ঘোষণা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যে হত্যা করতে পারবে, তাকে ৩ মিলিয়ন বা ৩০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের এক সাংসদ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

ইরানের পার্লামেন্টভিত্তিক সংবাদ সংস্থার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, কেরমান প্রদেশের কাহনুজ শহরের সাংসদ আহমদ হামজা আজ মঙ্গলবার পার্লামেন্টে নিজের ভাষণে এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘কেরমান প্রদেশের নাগরিকদের হয়ে আমি ঘোষণা দিচ্ছি, ট্রাম্পকে যে-ই হত্যা করুক, তাকে ৩০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে। কেরমান প্রদেশের সবাই কাশেম সোলাইমানির যোদ্ধা। আমরা শহীদ হতে ভয় পাই না।’
মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের হুমকি দিয়ে আহমদ হামজা বলেছেন, ‘শহীদ কাশেম সোলাইমানি জীবিত সোলাইমানির চেয়েও ভয়ংকর। আপনারা এখন এই বাস্তবতার স্বাদ পাবেন।’
৩ জানুয়ারি মার্কিন হামলায় মারা যাওয়া ইরানি জেনারেল কাশেম সোলাইমানি কেরমান প্রদেশেরই নাগরিক ছিলেন। তাঁর মৃত্যুর পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.