মার্কিন যুক্তরাষ্ট্রের ১৭০০ পণ্যের আমদানি শুল্ক অর্ধেক করলো চীন

মার্কিন যুক্তরাষ্ট্রের ১৭০০ পণ্যের আমদানি শুল্ক অর্ধেক করলো চীন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চীনে একদিকে বাড়ছে মৃত্যুর ঘটনা, পাশাপাশি দেশটির অর্থনীতিও পড়েছে বড় সংকটে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা বাণিজ্যযুদ্ধ থামাতে কিছুদিন আগে প্রথম পর্বের চুক্তি হলেও ভাইরাস সংকটে তা কার্যকর করাও হুমকির মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এক হাজার ৭১৭ পণ্যের আমদানি শুল্ক অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে চীন।

বৃহস্পতিবার চীনা কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং বাকিগুলোর শুল্ক পাঁচ শতাংশ থেকে ২ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হবে। এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে।

প্রায় দুই বছর ধরে চলতে থাকা বাণিজ্যযুদ্ধ শিথিল করতে গত মাসে প্রথম পর্যায়ের চুক্তি করে যুক্তরাষ্ট্র-চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, এই চুক্তি মার্কিন অর্থনীতির জন্য ‘রূপান্তরকারী’ হবে। আর চীনা নেতারাও এটিকে ‘উইন-উইন’ চুক্তি হিসেবে অভিহিত করেছেন, যা দুই দেশের মধ্যে সম্পর্কের আরও উন্নতি ঘটাতে সহায়তা করবে।

চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে ২শ বিলিয়ন ডলারের পণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়েছে চীন। বিনিময়ে যুক্তরাষ্ট্রও চীনা পণ্যের ওপর আরোপিত নতুন শুল্ক কমাবে।

শুল্কছাড়ের বিষয়ে চীনের অর্থমন্ত্রী এক বিবৃতিতে বলেন, চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনীতি ও বাণিজ্যে সুস্থ সম্পর্ক স্থাপন এবং স্থিতিশীল উন্নতির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চীনের সঙ্গে বিপুল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে ২০১৮ সাল থেকে দেশটির রফতানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসায় চীনও। তবে দু’পক্ষের কূটনৈতিক পর্যায়ে বৈঠক ও সংলাপের মাধ্যমে পরে পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.