অনন্য রেকর্ড গড়লেন চণ্ডীগড় অনূর্ধ্ব-১৯ নারী দলের ক্যাপ্টেন কাশভি গৌতম। সীমিত ওভার ক্রিকেটে ভারতের একমাত্র বোলার হিসেবে হ্যাটট্রিকসহ এক ইনিংসে ১০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন তিনি।
জাতীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্টে অরুণাচলপ্রদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৮৬ রান করে চণ্ডীগড়। জবাব দিতে নেমে কাশভির বোলিং তোপে পড়ে অরুণাচল। মাত্র ২৫ রানে অলআউট হয় তারা। তাতে ১৬১ রানের বড় জয় পায় এ কিশোরীর দল।
১৬ বছর বয়সী কাশভি মিডিয়াম পেসার। এদিন তার বোলিং ফিগার ৪.৫-১-১২-১০। এর মধ্যে রয়েছে হ্যাটট্রিক। ৮ জনকে ০ রানে ফেরান তিনি। অন্ধ্রপ্রদেশের এ বোলার ঠিক আগের ম্যাচেই জম্মু-কাশ্মীরের বিপক্ষে নেন ৭ উইকেট।
টেস্টে ভারতের হয়ে এক ইনিংসে ১০ উইকেট নেয়ার নজির আছে কেবল অনিল কুম্বলের। প্রায় ২১ বছর আগে পাকিস্তানের বিপক্ষে এ রেকর্ড গড়েন তিনি। এ ছাড়া ভারতের ঘরোয়া ক্রিকেটে দক্ষিণাঞ্চলের বিপক্ষে পূর্বাঞ্চলের হয়ে ১০ উইকেট নেন দেবাশিস মোহান্তি। আর রঞ্জি ট্রফিতে মিজোরামের বিপক্ষে ১০ উইকেট নেন মণিপুরের রেক্স সিং। তবে তাদের কেউই সীমিত ওভারের ক্রিকেটে এ কৃতিত্ব দেখাতে পারেননি।
একাডেমিতে সতীর্থ নারী ক্রিকেটারদের বল করতে ভালো লাগে না কাশভির। ছেলে ক্রিকেটারদের আউট করে ভীষণ আনন্দ পান তিনি। এবারের মৌসুমে ১০০ উইকেট নেয়ার স্বপ্ন দেখছেন এ টিনএজার।
তিনি বলেন, ছেলেদের আউট করতে আমার সবচেয়ে আনন্দ লাগে। তাদের উইকেট নিতে পারলে খুবই মজা পাই। কারণ এতে চিরতরে ওদের মুখ বন্ধ করে দেয়া যায়। তারা আর উৎপীড়ন করে না। বলে না ক্রিকেট মেয়েদের খেলা নয়। অনুশীলন ম্যাচে ছেলেদের বোকা বানাতে অনেক ভালো লাগে।
পাঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফিতে খেলেন ক্রিকেটার সঞ্জয় ঢুল। রাস্তায় ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলার সময় কাশভিকে আবিষ্কার করেন তিনিই। এ মৌসুমে এখন পর্যন্ত ৬৩ উইকেট নিয়েছেন কাশভি। তাকে নিয়ে বেশ বড় আশা করছেন কোচ নাগেশ কুমার।
তিনি বলেন, সঞ্জয় ফোন করে কাশভির ব্যাপারে আমাকে বলে। সে জন্মগত প্রতিভা। খুব ভালো ইনসুইং করে। এবার এখন পর্যন্ত ৬৩ উইকেট পেয়েছে। তন্মধ্যে ৪৯টি বোল্ড নতুবা এলবিডব্লিউ। আর হ্যাঁ, ছেলেদের আউট করতে পছন্দ করে ও। গেল চার বছর ধরে তাকে আমি কোচিং করাই। বিষয়টি খুব ভালো করেই জানি।
তথ্যসূত্র: ক্রিকবাজ।