যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা তিন শতাধিক ছাড়িয়েছে। এছাড়া ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের। শনিবার সিএনএন ও নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।
সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৩২ এ দাঁড়িয়েছে। ২৮টি রাজ্যে করোনাভাইরাস আক্রান্ত রোগীর অস্তিত্বের তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়ার পর শুক্রবার ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ভাইরাসে এ নিয়ে মৃতের সংখ্যা ১৭ তে দাঁড়ালো।
এদিকে, ক্যালিফোর্নিয়া উপকূলে নোঙ্গর করে রাখা প্রমোদ তরী গ্র্যান্ড প্রিন্সেসে ২১ যাত্রীর দেহে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। যাত্রীদের চিকিৎসার জন্য কোয়ারেনটাইনে রাখা জাহাজটিকে বন্দরে নিয়ে আসা হচ্ছে।
অপরদিকে,ভাইরাস আক্রান্তদের শনাক্ত করতে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের কাছে পাঠানো চিঠিতে জরুরি ভিত্তিতে সরঞ্জাম সহযোগিতা চেয়েছে নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ। নগর কর্তৃপক্ষ চিঠিতে অভিযোগ করেছে, ‘কেন্দ্রীয় সরকারের ধীর গতি এই প্রাদুর্ভাব মোকাবেলায় আমাদের সামর্থ্যকে ব্যাহত করছে।’