‘ইউরেনিয়াম সমৃদ্ধ করে ইরান পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে’

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে ইরান পরমাণু অস্ত্র তৈরির দিকে অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণেই ইরান এ সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

এ সময় ইরানের পরমাণু সমঝোতা বিষয়ে মার্কিন পদক্ষেপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক হাত নেন হিলারি ক্লিনটন।

স্থানীয় সময় রোববার মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।

হিলারি বলেন, ট্রাম্প প্রশাসনের মানসিকতা সংকীর্ণ। সেই সংকীর্ণতা থেকেই ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার এ সিদ্ধান্তকে আমি মস্তবড় ভুল পদক্ষেপ মনে করি।

এর ব্যাখ্যায় হিলারি বলেন, ট্রাম্প প্রশাসন পরমাণু সমঝোতা থেকে সরে আসার ফলে এখন ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে ইরান পরমাণু অস্ত্র তৈরির দিকে অগ্রসর হচ্ছে। চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে বের করে নেয়ায় ইরান সে সুযোগ কাজে লাগাচ্ছে।

তবে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে হিলারির এ দাবি বরাবরের মতোই কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.