ওমান রুটে রিজেন্টের যাত্রা শুরু ৭ এপ্রিল

Regent_Oman_705466533চট্টগ্রাম: মধ্যপ্রাচ্যে প্রথম ডানা মেলতে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমানসংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। মরুর বুকে তাদের প্রথম গন্তব্য ওমানের রাজধানী মাসকাট। আগামী ৭ এপ্রিল ঢাকা ও চট্টগ্রাম থেকে এই গন্তব্যে উড়তে শুরু করবে রিজেন্ট। রোববার বিমান সংস্থাটির পক্ষ থেকে বাংলানিউজকে এ তথ্য জানানো হয়েছে ।

প্রাথমিকভাবে সপ্তাহে চার দিন ঢাকা-চট্টগ্রাম-মাসকাট রুটে রিজেন্টের ফ্লাইট চলাচল করবে। প্রতি মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রোববার সন্ধ্যা সোয়া সাতটায় ঢাকা থেকে ছেড়ে প্রথমে চট্টগ্রাম এবং সেখান থেকে রাত সাড়ে আটটায় ছেড়ে মাসকাটের স্থানীয় সময় পৌনে ১২টায় বিমানবন্দরে পৌঁছবে। সেখান থেকে মধ্যরাত পৌনে একটায় ছেড়ে সকাল সাড়ে সাতটায় চট্টগ্রাম এবং পৌনে নয়টায় ঢাকা পৌঁছবে। বহরে সদ্যযুক্ত হওয়া ১৮৩ আসনের অত্যাধুনিক বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি রিজেন্টের পঞ্চম এই আন্তর্জাতিক রুটে চলাচল করবে।

রিজেন্ট এয়ারওয়েজ সূত্র জানায়, সব ধরনের করসহ ঢাকা-মাসকাট সর্বনিম্ন ভাড়া ওয়ানওয়ে ২০ হাজার ৫৬৫ টাকা এবং রিটার্ন ৩৯ হাজার ৪৭৮ টাকা, চট্টগ্রাম-মাসকাট ওয়ানওয়ে ১৯ হাজার ০০৫ টাকা এবং রিটার্ন ৩৯ হাজার ২৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মাসকাট থেকে ঢাকা সর্বনিম্ন ভাড়া ওয়ানওয়ে ৫০ ওমানী রিয়াল, রিটার্ন ১৩০ রিয়াল এবং মাসকাট-চট্টগ্রাম ওয়ানওয়ে ৬০ রিয়াল, রিটার্ন ১৩৫ রিয়াল নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রত্যেক যাত্রী দেশ থেকে যাওয়ার সময় ২০ কেজি এবং ওমান থেকে আসার সময় ৪৫ কেজি ফ্রি ব্যাগেজের সুবিধা পাবেন।

যাত্রীরা রিজেন্ট এয়ারওয়েজের সেলস অফিস, ওয়েবসাইট এবং অনুমোদিত ট্রাভেল এজেন্টের কাছ থেকে টিকেট কিনতে পারবেন। ওমান প্রবাসীরা সামা ট্রাভেলস অ্যান্ড সার্ভিসেস ইন্টারন্যাশনাল লিমিটেড (আল ওয়াফা হোটেল অ্যাপার্টমেন্ট বিল্ডিং নম্বর ৬৯৬৬ (নিচতলা), ওয়ে নম্বর ২৯৯৭, রুয়ি বাস স্টেশনের পেছনে, ওমান, ফোন: +৯৬৮ ২৪৭৮-৬৫৪৮) থেকে টিকেট সংগ্রহ করতে পাবেন।MD_biman_660518868

নতুন রুটের প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে রিজেন্ট এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক মাশরুফ হাবিব বাংলানিউজকে বলেন, আমাদের অন্যতম লক্ষ ও স্বপ্ন সারাবিশ্বের প্রবাসী বাংলাদেশিদের যাতায়াতের সঙ্গী হয়ে আকাশপথে যাতায়াত সহজ ও সাশ্রয়ী করা। ইতিমধ্যে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপুলসংখ্যক প্রবাসীর কাছে রিজেন্ট আকাশপথে আস্থার বাহন হয়ে উঠতে সক্ষম হয়েছে, অর্জন করেছে অনেক সুনাম। সাফল্যের সেই ধারাবহিকতায় এবার যাত্রা শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের মধ্যে ওমানে ভিসা প্রাপ্তিতে তেমন কড়াকড়ি না থাকায় সাম্প্র্রতিক বছরগুলোতে সেখানে বাংলাদেশের জনশক্তি রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে। ফলে বেড়েছে বিমান পরিবহনের বাজার। তাই মরুর বুকে প্রথম গন্তব্য হিসেবে আমরা ওমানের রাজধানী মাসকাট বেছে নিয়েছি। কম ভাড়া আর যাত্রীসেবার মান ও সুযোগ-সুবিধা বাড়িয়ে এ বাজার ধরার জন্য আমাদের পুরো প্রস্তুতি রয়েছে।

২০১০ সালের ১০ নভেম্বর যাত্রা শুরু করা রিজেন্ট এয়ারওয়েজ বর্তমানে ঢাকা থেকে কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, কলকাতা এবং চট্টগ্রাম থেকে ব্যাংকক ও কলকাতা আন্তর্জাতিক গন্তব্যে চলাচল করছে। আর অভ্যন্তরীণ রুটে চলাচল করছে ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজারে। নতুন ৭৩৭-৮০০ উড়োজাহাজটি ছাড়াও আরও দুটি বোয়িং ৭৩৭-৭০০ এবং দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ রয়েছে রিজেন্ট বহরে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.