বার্গারের জন্য হত্যাও করতে পারবেন জিমি নিশাম

করোনাভাইরাসের কারণে ঘরে বন্দী থাকতে থাকতে যেন অতিষ্ঠ হয়ে পড়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের পেস বোলিং অলরাউন্ডার জিমি নিশাম। যে করেই হোক, বাইরের আলো বাতাসের জন্য আকুল হয়ে পড়েছেন তিনি।

শুধু তাই নয়, নিজের পছন্দের খাবারগুলোর জন্যও কাঁদছে তার মন। প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে বাসায় বন্দী থাকার কারণে ভুলতে বসেছেন সব খাবারের স্বাদ।

আর তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, একটি বার্গারের জন্য এখন তিনি যেকোন কিছু করে বসতে পারেন। টুইটারে নিয়মিতই দারুণ রসাত্মক সব পোস্ট করা নিশাম এবার জানিয়েছেন, বার্গারের প্রতি তার দুর্বলতার কথা।

তিনি লিখেছেন, ‘বর্তমানে এমনটা একটা সময় চলছে, যখন আপনি বুঝতে পারেন জীবনে কোন জিনিসটা সত্যিকারের মূল্যবান। এটা সত্যিই সবকিছুকে ভাবার দৃষ্টিভঙ্গিকে বদলে দিচ্ছে। শিট! আমি এখন ফ্রাইড চিকেন বার্গারের জন্য খুনও করতে পারব।’

নেহায়েত মজা করেই এই কথাটি লিখেছেন নিশাম। গৃহবন্দি অবস্থায় নিজের অসহায়ত্বের প্রকাশই যেন ঘটিয়েছেন এই টুইটের মাধ্যমে। যা আবার মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে তার ভক্তদের মাঝে।

নিশামের হোম কোয়ারেন্টাইন সময়টা অবশ্য অলসভাবে কাটছে না। ঘরেই বসিয়েছেন জীম, যেখানে দুই বেলা করছেন ফিটনেস অনুশীলন। এছাড়া কুকুরকে হাঁটান, প্লে-স্টেশনে গেম খেলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের মধ্য দিয়েই সময় কেটে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.