জমজ ছেলে-মেয়েই ক্রিশ্চিয়ানো রোনালদোর ‘জিমের সরঞ্জাম’

করোনাভাইরাসের কারণে গৃহবন্দী অবস্থায় কাটছে সবার সময়। এর মধ্যেও ফিটনেস ধরে রাখতে নিয়মিত জিমিং সেশন করছেন ফুটবলাররা। সর্বদা ফিটনেসের ব্যাপারে সচেতন ক্রিশ্চিয়ানো রোনালদো এবারও বাড়তি সময় কাটাচ্ছেন জিমে।

কিন্তু বাড়িতে তো আর ক্লাবের মতো নিরিবিলি জিম করার সম্ভব নয়। বাসার মধ্যে যেই নিজস্ব জিম রয়েছে, সেখানে অবাধ বিচরণ বাচ্চাকাচ্চাদের। বাবাকে জিম করতে দেখে তাদেরও বাড়ে আগ্রহ। অগত্যা কী আর করা! নিজের বাচ্চাদেরই সিটআপের সরঞ্জাম বানিয়ে নিয়েছেন রোনালদো।

এ দৃশ্য দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে রোনালদোর আপলোড করা এক ভিডিওতে। যেখানে তিনি লিখেছেন, ‘বাচ্চারা, বাবাকে তার কাজ করতে দাও।’ এ ভিডিওর মন্তব্যের ঘরে রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ লিখেছেন, ‘সেরা ট্রেইনার।’

সেই ভিডিওতে দেখা যায় নিজের বাসায় থাকা জিমে নিজে নিজে ফিটনেস ট্রেনিং করছিলেন রোনালদো। ফ্লোরে শুয়ে করছিলেন সিটআপ। কিন্তু তখন তার আশপাশে চলে আসে দুই জমজ সন্তান মাতেও এবং ইভা। বাবার মাথার দিকে এবং কোলের কাছে দুষ্টুমি শুরু করেন ইভা-মাতেও।

কিন্তু এভাবে তো জিম সম্ভব নয়! তাই বুদ্ধি বের করেন রোনালদো। ইভা-মাতেওকে বানিয়ে ফেলেন সিটআপে ওয়েট লিফটিংয়ের সরঞ্জাম। প্রথম ভয় পাচ্ছিল মাতেও। তবে ইভাকে নিয়ে যখন স্বচ্ছন্দেই সিটআপ করছিলেন রোনালদো, তা দেখে এগিয়ে আসে মাতেও।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.