‘বার্সেলোনার সেই স্বর্ণযুগ আর ফিরবে না’
বার্সেলোনার বিখ্যাত একাডেমি ‘লা মাসিয়া’ থেকে উঠে এসে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইনিয়েস্তা। ক্যাম্প ন্যুতে কাটিয়ে দিয়েছেন পুরো পেশাদার ক্যারিয়ার। তার সময়েই অসাধারণ সব ফুটবলারদের সমন্বয়ে বার্সেলোনা হয়ে উঠেছিল সর্বজয়ী এক দল। একমাত্র দল হিসেবে দুইবার ট্রেবল জয়ের রেকর্ড গড়েছিল। কিন্তু সেই স্বর্ণযুগ আর কখনও ফিরে আসবে না বলেও মনে করেন সাবেক এই স্প্যানিশ মহাতারকা।
২০০২ সালে বার্সেলোনার মূল দলে অভিষেকের পর থেকে ক্লাবটির হয়ে ১৬ মৌসুমে মোট ৬৭৪টি ম্যাচ খেলে ৩২টি শিরোপা জিতেন ইনিয়েস্তা। ২০১৮ সালে অবসর নিয়ে পাড়ি জমান জাপানে। দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ২০১০ বিশ্বকাপজয়ী তারকা বলেন, ‘ওই প্রজন্ম আর আসবে না। তবে ক্লাব যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ফলাফল খুব খারাপ হওয়ার শঙ্কাও নেই। পুয়োলকে যেতে দেখেছি, ভিক্টরকে যেতে দেখেছি, এরপর জাভি চলে গেল। তবে বার্সেলোনার এখনও দুর্দান্ত একটা দল আছে, শীর্ষ মানের ফুটবলাররা আছে।’
ইনিয়েস্তা তার দলে পেয়েছিলেন লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ, কার্লোস পুয়োল, জেরার্দ পিকে ও সের্হিও বুসকেটসের মতো ফুটবলারদের। নিজ নিজ পজিশনে যারা সময়ের অন্যতম সেরা। অনেকেই বার্সেলোনার ওই দলটিকে সর্বকালের সেরা হিসেবে মনে করে। সেই অপ্রতিরোধ্য বার্সেলোনা ৯ বছরের মধ্যে ৪ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে। ৭টি লা লিগাসহ অনেক শিরোপা ঘরে তোলে তারা। কাতালান ক্লাবটির সামনে যেন কেউ দাঁড়াতেই পারত না।
এদিকে জাপানে অপেশাদার ফুটবল খেলে চলা ইনিয়েস্তা যতদিন সম্ভব ফুটবল খেলে যেতে চান। এরপর ভবিষ্যতে আবারও ফিরতে চান বার্সেলোনায়। তবে নিশ্চয়ই ফুটবলার হিসেবে নয়, অন্য কোনো ভূমিকায়। তিনি বলেছেন, ‘আমি সবসময় বলে এসেছি, যখন খেলোয়াড়ি জীবন শেষ হবে, তখন আমি বার্সায় ফিরতে চাই। নির্ভর করবে কিভাবে, কোন ভূমিকায়, কোন পরিস্থিতিতে তার ওপর।তবে সেখানে আমার যেমন অভিজ্ঞতা হয়েছে, মনে যে অনুভূতি আছে, এইসব কারণে আমি ফিরে যেতে চাই।’