করোনাভাইরাসের কারণে ক্রিকেট বন্ধ হয়ে গেছে। এতে কী পরিমাণ ক্ষতি হচ্ছে বোর্ডগুলোর? কবে আবার শুরু হবে ক্রিকেট? দীর্ঘদিন এভাবে ক্রিকেট বন্ধ থাকলে আইসিসিতেও বিপর্যয় নামবে। আজ বৃহস্পতিবার আইসিসির সভায় এসব নিয়ে আলোচনা করার প্রথম সুযোগ পাচ্ছেন ক্রিকেট কর্মকর্তারা। সদস্য দেশগুলোর প্রধান নির্বাহীদের নিয়ে এই বৈঠকে ১২টি পূর্ণ সদস্য দেশ ৩টি অ্যাসোসিয়েট দেশের প্রতিনিধিরা থাকবেন। আজকের সভায় আলোচনা হলেও সিদ্ধান্তের সম্ভাবনা কম।
খেলা বন্ধ থাকায় অনেক দেশই ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ৩০০ মিলিয়ন পাউন্ড লোকসানের আশঙ্কা করছে। সে তুলনায় অস্ট্রেলিয়া বা পাকিস্তানের পরিস্থিতি ভালো। কারণ এই সময়ে তাদের মৌসুম শেষের দিকে ছিল। অস্ট্রেলিয়ার একমাত্র দুশ্চিন্তা এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত সিরিজ নিয়ে। একের পর এক সিরিজ বাতিল হওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ভাগ্য কী হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে। এসব বিষয়ে আলোচনা হতে পারে সভায়।
অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান চিন্তার জায়গা আইপিএল। যদি শেষ পর্যন্ত বাতিল করে দিতে হয়, টিভি সম্প্রচার স্বত্ব থেকে শুরু করে ক্রিকেটারদের আইপিএল বেতন, রাজ্য ক্রিকেট সংস্থার অনুদান সবই ক্ষতিগ্রস্ত হবে। অনুমান করা হচ্ছে, আইপিএল বাতিল হলে শুধু টিভি সম্প্রচার স্বত্ব বাবদই তিন হাজার কোটি রুপি লোকসান হতে পারে। স্পনসরশি বাবদ ক্ষতি হতে পারে আরও ৪০০-৫০০ কোটি রুপি। খেলা না হলে আইপিএল নিলামে বিশাল অর্থে বিক্রি হওয়া ক্রিকেটারেরা কেউ সেই টাকা পাবেন না।