করোনাভাইরাসের ঝুঁকি কমাতে টেস্ট ক্রিকেটে বল টেম্পারিং বৈধ করে দিতে পারে আইসিসি। সেক্ষেত্রে মুখের লালা বা ঘামের পরিবর্তে কৃত্রিম পদার্থ ব্যবহারের অনুমতি দেয়া হবে। মে’র শেষ বা জুনের শুরুতে আইসিসি’র ক্রিকেট কমিটি ও এমসিসি’র ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির ভিডিও কনফারেন্সে হবে এ নিয়ে বিষদ আলোচনা। এর আগে বলের ঔজ্জ্বল্য বাড়ানোর ক্ষেত্রে মুখের লালা বা ঘাম ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন ক্রিকেটাররা।
মুখের লালা, ঘাম বা জার্সির সঙ্গে ঘষাঘষি করে বল চকচকে করে ক্রিকেটাররা। অন্য কোনো উপায় বৈধ নয়। এখন সামনে এসেছে খেলোয়াড়দের স্বাস্থ্য। তাই করোনা ভাইরাস ভেঙ্গে দিতে পারে ট্যাবু, পুরণ করে দিতে পারে বোলারদের বহুদিনের স্বপ্ন। বল টেম্পারিং বলে এতোদিন যেটা ছিলো অপরাধ সেটাই এখন বৈধ করে দেয়ার চিন্তাভাবনা করছে আইসিসি।
বল চকচকে করার বিকল্প উপায় খোঁজা হচ্ছে। করোনার পর খেলা শুরু হলে, লেদার ময়েশ্চারাইজার, মোম কিংবা শো পলিশের মতো কৃত্তিম পদার্থ দিয়ে বল শাইনিংয়ের অনুমতি দেয়া হতে পারে। তবে সেটা হবে আম্পায়ারদের সামনে।
কার্যকরী উপায় বের করতে ইতোমধ্যে ভাবতে শুরু করেছে আইসিসি’র মেডিকেল কমিটি। বিভিন্ন বলের ক্ষেত্রে হতে পারে ভিন্ন ভিন্ন পদ্ধতি। মূলত কোকাবুরা, ডিউকস এবং এসজি বলই ব্যবহৃত হয়। প্রতিষ্ঠানগুলোর মতামতও নেয়া হবে।
করোনার পর ক্রিকেট মাঠে গড়ানোর আগে আইসিসি ক্রিকেট কমিটি ও এমসিসি ক্রিকেট কমিটি ব্যাপারটি নিয়ে আলোচনা করবে। মে মাসের শেষে বা জুনের শুরুতে হতে পারে ভিডিও কনফারেন্স। এর আগে কলম্বোতে এমসিসির সভা হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত হয়ে যায়।
গেলো কয়েকদি ধরে মুখের লালা ও ঘাম ব্যবহারে স্বাস্থ্য ঝুকি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন ক্রিকেটাররা। অজি পেসার প্যাট কামিন্স ও সাবেক পেসার জেসন গিলেস্পিও এর বিরুদ্ধে তাদের মতামত দিয়েছেন। এবার জশ হ্যাজলউড ও পিটার হ্যান্ডসকম্বও বলেছেন, স্বাস্থ্যের কথা চিন্তা করে একটা বিকল্প উপায় খুজে বের করা উচিত।
ভারতের সাবেক পেসার ভেঙ্কটেশ প্রসাদ আইসিসির এমন ভাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন।