চার চীনা নাগরিক অনুমতি নিয়েই চকরিয়ায় আসেন

করোনা পরিস্তিতির মাঝেই চার চীনা নাগরিক ঢাকা থেকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতি নিয়েই সড়কপথে কক্সবাজারের চকরিয়াস্থ নিজ বাসাবাড়িতে আসেন। এই চার চীনা নাগরিক কর্মরত আছেন দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্পের কাজে।

তারা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বর্তমানে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন। স্থানীয় লোকজনের সাথে তারা যাতে সংস্পর্শে যেতে না পারেন সে জন্য ভাড়া বাসাটি লকডাউন করে লাল পতাকা উঁচিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে ‘তথ্য গোপন করে চকরিয়ায় চার চীনা নাগরিক’ শীর্ষক গত ২৩ এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদটিতে তথ্যগত ভুল ছিল। তথ্যগত ভুলের মধ্যে ছিল, এসব চীনা নাগরিক ঢাকা থেকে সড়কপথে চকরিয়ায় আসার সময় আইনশৃঙ্খলা বাহিনীকে মিথ্যা তথ্য প্রদান এবং তারা মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পে কর্মরত। যা সঠিক ছিল না।

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, এসব চীনা নাগরিক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমেই অনুমতি নেওয়ার পর নিজেদের ভাড়া বাসাবাড়িতে আসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেন, চার চীনা নাগরিক চকরিয়ার বাসাবাড়িতে আসার জন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করেছিলেন। কিন্তু অনুমোদন ছিল না। পরবর্তীতে জানা যায়, তারা ঢাকা থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই এখানে এসেছেন এবং তারা রেললাইন প্রকল্পের কাজে নিয়োজিত। বর্তমানে তারা ১৪ দিনের প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.