‘কফি উইথ করণ’ টিভি শোটির কথা মনে আছে। ভারতের অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং লোকেশ রাহুল করণ জোহরের এই শোতে গিয়ে মহাবিপদে পড়েছিলেন। তারা নিজেদের যৌনজীবন নিয়ে কথা বলতে গিয়ে মেয়েদের খাটো করে দেখান। যে কারণে তীব্র প্রতিবাদের মুখে বাদ পড়েছিলেন দল থেকে। ক্ষমা চেয়েও নিস্তার পাননি। এতদিন পর আবারও সেই ঘটনা নিয়ে মুখ খুলতে হয়েছে কিছুদিন আগে বাগদান সম্পন্ন করা হার্দিককে।
করোনাভাইরাসের কারণে সবাই এখন গৃহবন্দি। তারকাদের দেখা হয় সোশ্যাল সাইটের আড্ডায়। দিনেশ কার্তিকের সঙ্গে তেমনি এক আড্ডায় দুই বছর আগের সেই ঘটনা নিয়ে কথা বলেন হার্দিক। কফি উইথ করণ নিয়ে এক প্রশ্নের জবাবে হার্দিক মজা করে বলেন, ‘আমি এখন আর কফি পান করি না। বরং গ্রিন টি বেশ পছন্দ করি। জীবনে একবারই কফি পান করেছিলাম। অনেক দাম দিতে হয়েছিল। অনেক শিক্ষা হয়েছে। আমি নিশ্চিত স্টারবাকসেও এত দামি কফি পাওয়া যায় না। এরপর থেকেই কফি থেকে দূরে থাকি।’
‘কফি খাওয়া’র পাশাপাশি লকডাউনের মাঝে ক্রিকেট শুরু করা নিয়েও কথা বলেছেন হার্দিক। আইপিএল আয়োজন নিয়ে তিনি বলেন, ‘করোনায় ক্রিকেট খেলার ধ্যান ধারণাই বদলে যাবে। আমরা এতদিন দর্শকদের নিয়ে খেলতে অভ্যস্ত ছিলাম। কারণ দর্শকরাই দুই দলের প্রতিদ্বন্দ্বিতার মাত্রা বাড়িয়ে দেয়। রঞ্জি ট্রফিতে আমরা দর্শকবিহীন মাঠে খেলেছি। এটা অন্য ধরনের একটা অনুভুতি। যদি আইপিএল আয়োজন করতেই হয় তাহলে রুদ্ধদ্বার স্টেডিয়ামেই করা উচিত।’