বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া করোনাভাইরাসে বিপর্যস্তের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য অ্যাভিফ্যাভি নামে একটি ওষুধের অনুমোদন দিয়েছে যাকে বলা হচ্ছে ‘গেম চেঞ্জার’।
আগামী সপ্তাহে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় এই ওষুধ ব্যবহার শুরু করা হবে বলে গতকাল সোমবার সংবাদ প্রকাশ করেছে রাশিয়ার বার্তা সংস্থা তাস।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাভিফ্যাভির হচ্ছে ফ্যাভিপিরাভিরের পরিবর্তিত সংস্করণ। ফ্যাভিপিরাভির জাপানে ফ্লুর চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। আর এটিকে সংস্কারের মাধ্যমে অ্যাভিফ্যাভির তৈরি করেছে রাশিয়া। যা তৈরি করা হয়েছে বিশেষ করে কোভিড-১৯ রোগে আক্রান্তদের চিকিৎসার জন্য। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ রোগের চিকিৎসায় অ্যাভিফ্যাভির ব্যবহারের অনুমতি দিয়েছে। প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্র্যায়ালে প্রত্যাশিত ফলাফল পাওয়ার পরই এটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) ওষুধটি রাশিয়ান ফার্মাসিটিক্যাল ফার্ম চেমরারের সঙ্গে যৌথভাবে তৈরি করেছে।
করোনাভাইরাসে সংক্রমণের তালিকায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরেই রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে চার লাখ ১৪ হাজারের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে চার হাজার ৮৫৫ জনের।