জাল ভিসা-পাসপোর্টে তৈরি করে মানবপাচার করতেন, গ্রেফতার ১

জাল ভিসা ও কানাডিয়ান পাসপোর্ট তৈরি করে কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচারের দায়ে মাসুম আহমেদ (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার তাকে গ্রেফতারের বিষয়টি জানান সিআইডির মানবপাচার অপরাধ দমন ইউনিটের পরিদর্শক মো. আছলাম আলী।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সিলেটের মজুমদার পাড়া টিএনটি কলোনি এলাকা থেকে মাসুমকে গ্রেফতার করা হয়। তিনি মানবপাচার চক্রের অন্যতম সদস্য।

তিনি আরও বলেন, মাসুমসহ চক্রের সদস্যরা কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশের ভুয়া এবং জাল পাসপোর্ট তৈরি করে নিরীহ মানুষদের উন্নত জীবন যাপনের প্রলোভন দেখাতো এবং অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করত।

তার বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.