প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।
এছাড়াও গত বছর ২১ ডিসেম্বর তার ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়ে। ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছিলেন নিউমোনিয়া থেকেই দেহে আনুষঙ্গিক জটিলতা সৃষ্টি হয়েছিল শিল্পীর।
গতকাল সোমবার রাতেই বাড়ি নিয়ে আসা হয় শিল্পীকে। বাড়ি থেকেই শিল্পীর চিকিৎসা চলবে এমনটাই সিদ্ধান্ত হয় পরিবারের তরফে। কিন্তু আজ মঙ্গলবার ভোর চারটে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই শিল্পী। মৃত্যুর খবর নিশ্চিত করে মেয়ে শ্রাবণী সেন ফেসবুকে লিখেছেন, আজ মা ভোরে চলে গেলেন।
রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রার দুই কন্যাও বাংলা সঙ্গীত দুনিয়ায় ছাপ ফেলেছেন। তার বড় কন্যা শিল্পী ইন্দ্রাণী সেন। কনিষ্ঠ কন্যা শ্রাবণী সেনও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে জনপ্রিয়তা পেয়েছেন।