ওমানে গাড়ির ভেতর মিলল ৪ বাংলাদেশি ভাইয়ের লাশ, রাঙ্গুনিয়ায় শোকের মাতম
ওমানে একসঙ্গে চার বাংলাদেশি সহোদরের মরদেহ উদ্ধারের ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া। যে পরিবারে কয়েকদিন পর বিয়ের আনন্দে মুখর হওয়ার কথা ছিল, সেই বাড়িতেই এখন চলছে আহাজারি আর কান্না।
বুধবার (১৩ মে) ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার বাসিন্দা রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম।
পারিবারিক সূত্র জানায়, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ওমানে বসবাস করছিলেন চার ভাই। সম্প্রতি তাদের এক ভাইয়ের বিয়ে ঠিক হওয়ায় পরিবারে চলছিল আনন্দের প্রস্তুতি। বিয়ের কেনাকাটার উদ্দেশ্যে চার ভাই একসঙ্গে বের হয়েছিলেন। কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে তাদের জীবনের শেষ যাত্রা।
ওমানে অবস্থানরত নিহতদের মামাতো ভাই বাবুর মাধ্যমে প্রথমে দেশে আসে মৃত্যুর খবর। পরে বিষয়টি নিশ্চিত করেন লালানগর ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি মো. ইয়াকুব।
জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন একটি গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ক্লান্তির কারণে তারা গাড়ির ভেতরে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। এতে এসির গ্যাস লিকেজ বা বিষক্রিয়াজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে ওমান পুলিশ।
বর্তমানে চার ভাইয়ের মরদেহ রোস্তাক থানার হেফাজতে রয়েছে। সেগুলো মাস্কাটে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
একই পরিবারের চার সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বান্দারাজার পাড়ার পরিবেশ।
