বরখাস্ত হতেই হচ্ছে হাথুরুসিংহেকে

বরখাস্ত হতেই হচ্ছে হাথুরুসিংহেকে।

বিশ্বকাপে ব্যর্থতার জেরে শ্রীলংকার কোচের পদ থেকে চন্ডিকা হাথুরুসিংহেকে সরিয়ে দেয়ার জোরালো দাবি ওঠে। দেশটির ক্রীড়ামন্ত্রীর লিখিত সুপারিশে এখন তা বাস্তব রূপ নিয়েছে। কোচিং স্টাফকে ছাঁটাই করতে কয়েক দিন আগে মৌখিক নির্দেশ দেন লংকান ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো।

এখানেই ইতি না টেনে গেল সোমবার মন্ত্রণালয় থেকে লংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সচিব বরাবর লিখিত সুপারিশ পাঠিয়েছেন তিনি। সচিব মোহন ডি সিলভা বলছেন, এ চিঠির আদেশ পালনের বাইরে যাওয়ার এখতিয়ার আমাদের নেই। তাই ক্রমাগত কোচ নিয়োগ এবং ছাঁটাইয়ের ফলে বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হলেও তা মেনে হাথরুসিংহেকে ছাঁটাই করতেই হচ্ছে।

ফলে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পরই কার্যত শ্রীলংকা অধ্যায় শেষ হচ্ছে হাথুরুর। তবে কি বাংলাদেশে শুরু হবে তার দ্বিতীয় চ্যাপ্টার। কারণ একই দায়ে স্টিভ রোডসকে বরখাস্ত করেছে টাইগার ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন নতুন কোচের সন্ধানে তারা। এ ক্ষেত্রে এ অভিজ্ঞ কোচের নামও শোনা যাচ্ছে।

ডি সিলভার কথাতেই স্পষ্ট হাথুরুসিংহের ভবিষ্যৎ। তিনি বলেন, আমরা একটি জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। পেশাদারদের নিয়ে কাজ করতে হচ্ছে। গেল কয়েক বছরে ঢালাওভাবে কোচ নিয়োগ ও বরখাস্ত করায় আমাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জানি, আমাদের দায়িত্ব কী। আমাদের সাধ্য নেই মন্ত্রীর আদেশের বিপক্ষে যাওয়ার।

তিনি জানিয়েছেন, চন্ডিকার সঙ্গে চুক্তি অনুযায়ী, কিছু ঝামেলা আছে। বোর্ডের নির্বাহী কমিটি বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত অন্তর্বর্তীকালীন ও পূর্ণ মেয়াদে ১১ জন কোচ নিয়োগ দিয়েছে এসএলসি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.