‘আগামী বছর মাথাপিছু আয় ভারতের সমান হবে’

‘আগামী বছর মাথাপিছু আয় ভারতের সমান হবে’

ভারতের পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ডের বরাত দিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০২০ সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ভারতের সমান হবে।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। অর্থমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক হয়।

এ সময় অর্থমন্ত্রী তার মোবাইল ফোনে ভারতীয় পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে প্রকাশিত নিবন্ধটি দেখান।

অর্থমন্ত্রী বলেন, একটা দেশের অর্থনীতি কতটা শক্তিশালী তার ওপর নির্ভর করে টাকার মানের ওঠানামা। সেখানে আমরা ভালো অবস্থানে আছি।  রপ্তানিসহ অর্থনীতির সব এলাকাতে আমরা ভালো আছি। বাংলাদেশ ক্রমাগত এগিয়ে যাচ্ছে।

মুস্তফা কামাল বলেন, গত ১০ বছরে আমাদের এক মিনিটের জন্যও অর্থনীতি পেছায়নি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আছে। আমাদের বাজেট অনেক বেশি থাকে। সব টাকা সরকারের হাত থেকে যাচ্ছে। তবে কোনটা অগ্রণী, কোনটা রূপালী ব্যাংক থেকে যাবে সেটা ভিন্ন বিষয়। সরকারকে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা কোন অবস্থানে আছি। আমরা বর্তমানে জিডিপি প্রবৃদ্ধিতে সবার ওপরে আছি, এটা অস্বীকার করার সুযোগ নেই। আমাদের জিডিপির আকার বেড়েছে, বছরের কোনো সময়েই কমেনি।

উল্লেখ্য, চলতি অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৯০৯ ডলার। গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৭৫১ ডলার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.