বাইডেনের বিরুদ্ধে তদন্তে এবার চীনের প্রতি আহ্বান ডোনাল্ড ট্রাম্পের

বাইডেনের বিরুদ্ধে তদন্তে এবার চীনের প্রতি আহ্বান ডোনাল্ড ট্রাম্পের।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্রেট দলের নেতা জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেন, ‘বুদ্ধিমানের মতো চীনের এখন বাইডেনের বিরুদ্ধে তদন্ত করা উচিৎ। কারণ চীনে যা ঘটেছে তা ইউক্রেনের মতোই খারাপ।’

গত ২৫ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে আলাপের সময় ট্রাম্প জো বাইডেন ও তার ছেলের ব্যাপারে তদন্ত করতে চাপ দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। ইউক্রেনের একটি গ্যাস প্রতিষ্ঠানে কাজ করতেন বাইডেনের ছেলে। একজন গোয়েন্দা কর্মকর্তা ওই তথ্য ফাঁস করার পর ট্রাম্পের বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ আনে ডেমোক্রেটরা। তাকে অভিশংসনের জন্য তদন্তের ঘোষণাও দিয়েছে প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্যরা।

বাইডেনের বিরুদ্ধে তদন্তের জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘এখনও বলিনি, তবে এটা নিশ্চিতভাবে এমন কিছু, যার ব্যাপারে আমরা চিন্তাভাবনা শুরু করতে পারি।’

২০১৩ সালে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট  জো বাইডেন চীন সফরে যান। এ সময় তার ছেলে হান্টারও ছিলো। দুদিনের সফরে হান্টার চীনা ব্যাংকার জোনাথান লি এর সঙ্গে দেখা করেন এবং পরবর্তীতে এই লি ব্যবসায়ী অংশীদার হন হান্টারের। বাইডেনের সফরের পরপর লি একটি ব্যক্তিগত ইকুইটি ফান্ড গঠন করেন, যার বোর্ডে সদস্য হিসেবে ছিলেন হান্টার। অভিযোগ রয়েছে, চীন সফরের সময় প্রভাব খাটিয়ে বাইডেনের সঙ্গে লি-এর করমর্দনের সুযোগ করে দিয়েছিলেন হান্টার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.