সম্পর্ক দৃঢ় করার অঙ্গীকার ইরান-পাকিস্তানের

iran pic_121545ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তেহরান ও ইসলামাবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে অঙ্গীকারাবদ্ধ।

শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সংবাদ সম্মেলনে একথা বলেছেন তিনি।

দুই দেশের অভিন্ন সীমান্তে উগ্রবাদী ও সন্ত্রাসীদেরকে হুমকি হয়ে উঠতে না দেয়ার বিষয়েও দু’দেশ অঙ্গীকারাবদ্ধ বলেও উল্লেখ করেছেন তিনি। দু দেশের নিরাপত্তা পরস্পরের সঙ্গে জড়িত এবং একে অন্যের ওপর নির্ভরশীল বলেও মন্তব্য করেন তিনি।

হাসান রুহানি বলেন, ইরানের পূর্বাঞ্চলীয় এবং পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় সীমান্তের নিরাপত্তা জোরদার করতে আরো তৎপর হতে হবে। সাংস্কৃতিকভাবে ঘনিষ্ঠ দু দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।

রুহানি বলেন, ইরানের চবাহার এবং পাকিস্তানের গোয়াদার সমুদ্রবন্দরের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের বিষয়ে বৈঠকে আলাপ হয়েছে।

এছাড়া, সীমান্ত বাজার স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে দু দেশের মধ্যে বিরাজমান ভ্রাতৃত্ব এবং বন্ধুপ্রতীম সম্পর্কের কথা উল্লেখ করেন নওয়াজ শরীফ। তিন বছরের কম সময়ের মধ্যে এ নিয়ে তৃতীয় দফা দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব বৈঠকের মধ্যদিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা স্পষ্ট হয়ে উঠছে।

নওয়াজ শরীফ বলেন, ড. রুহানির সঙ্গে বৈঠকে আঞ্চলিক ও দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা হয়েছে। দুই প্রেসিডেন্ট নানা ক্ষেত্রে সম্পর্কোন্নয়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বলেও জানান তিনি।

বিগত ১৪ বছরের মধ্যে এই প্রথম সুন্নি প্রধান পাকিস্তান সফরে এসেছেন শিয়াপন্থী ইরানের কোনো রাষ্ট্রপ্রধান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.