বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট করোনাভাইরাসের কারণে লকডাউনে আটকে পড়া ব্রিটিশ ও বাংলাদেশি নাগরিকদের আনা-নেওয়ার জন্য ঢাকা-লন্ডন-ঢাকা বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে ।
এ জন্য ভাড়া করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান। এই ফ্লাইটের সুযোগ নিতে নির্ধারিত সময়ের ভেতরে নাম তালিকাভুক্ত করাতে আগ্রহীদের প্রতি আহ্বান জানিয়েছেন লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। হাইকমিশনারের বিশেষ আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্যেগ নিয়েছে।
জানা গেছে, আগামী ১০ মে সকাল ১০টায় ফ্লাইটটি ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ফ্লাইটটি বিকেল ৪টায় লন্ডনে অবতরণ করবে। একই দিন সন্ধ্যা ৬টায় ফ্লাইটটি লন্ডন থেকে দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। পরদিন ১১ মে ফ্লাইটটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
সূত্র জানায়, বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে একটি বিশেষ ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং-৭৭৭/৭৮৭-৮ নির্দিষ্ট করা হয়েছে। ফ্লাইটটি আগামী ১০ই মে হিথরো এয়ারপোর্টে আসবে এবং একই দিন ঢাকা ফিরে যাবে। বাংলাদেশ হাইকমিশনের ওয়েব সাইট ও ফর্মের লিঙ্ক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeV-sPbVF0Zoc5MVYrgrwrpQPzHu7FNurwddydUQMQKfbsxjg/viewform
এই ফ্লাইটের সুযোগ নিতে আগ্রহীদের আগামী ৮ই মে মধ্য রাতের ভেতরে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের ওয়েব সাইট অথবা বাংলাদেশ এয়ারফোর্স ওয়েলফেয়ার ট্রাস্টের ওয়েব সাইটে গিয়ে নাম তালিকাভুক্ত করানোর আহ্বান জানানো হয়েছে।
তবে ব্রিটেনে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী যারা এরইমধ্যে বাংলাদেশ হাইকমিশনের সাথে তালিকাভুক্ত আছেন তাদেরকে ফর্ম পুরণ করতে হবে না বলে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
