দুঃসংবাদ দিল কাতার এয়ারওয়েজ

নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রেক্ষাপটে বিমান ভ্রমণ চাহিদায় অভাবনীয় পতন দেখা দিয়েছে। টিকে থাকতে নানামুখী পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে বিমান পরিবহন সংস্থাগুলো। এ অবস্থায় বড় ধরনের দুঃসংবাদ দিল কাতার এয়ারওয়েজ। সম্ভাব্য ছাঁটাইয়ের বিষয়ে কর্মীদের সতর্ক করেছে কাতার এয়ারওয়েজ। মূলত কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে বিশ্বব্যাপী ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ও বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছে উপসাগরীয় এ এয়ারলাইন। খবর এএফপি।

মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকায় উড়োজাহাজের চলাচল এ বছর অর্ধেকেরও বেশি কমে যাবে বলে গত মাসেই সতর্ক করেছিল দি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। সময়ের সঙ্গে সঙ্গে খাতসংশ্লিষ্টদের উদ্বেগ বাড়ছে বৈ কমছে না। এরই মধ্যে সরকারি সাহায্যের জন্য আবেদন করেছে বহু বিমান পরিবহন সংস্থা। এ পরিস্থিতিতে কর্মীদের কাছে পাঠানো এক স্মারকলিপিতে কাতার এয়ারওয়েজের প্রধান নির্বাহী আবকার আল-বাকের লিখেছেন, ‘সত্যি হলো, আমরা আমাদের বর্তমান কর্মী সংখ্যা ধরে রাখতে পারছি না। ফলে আমাদের উল্লেখযোগ্যসংখ্যক ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে হবে।’ তবে সোমবারের ওই নোটে সংস্থাটির ৩০ হাজার কর্মীর মধ্যে ঠিক কতজন ছাঁটাইয়ের ঝুঁকিতে রয়েছেন তা স্পষ্ট করা হয়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.