ঢাকার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ছেড়েছে ২৪২ যাত্রী

করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে আটকেপড়া ২৪২ জন বাংলাদেশের নাগরিকদের নিয়ে কাতার এয়ারওয়েজের ভাড়া করা বিশেষ বিমান ওয়াশিংটন ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার (১৫ মে) রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

যুক্তরাষ্ট্রে নিয়ুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বিমানবন্দরে যাত্রীদের বিদায় জানান। এ সময় দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ-৩৫০-৯০০ এয়ারবাস ওয়াশিংটন সময় রাত ১১:০৪ টায় যাত্রা শুরু করে। ১৬ মে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ফ্লাইটটি দোহা আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে। ১ ঘণ্টা টেকনিক্যাল যাত্রা বিরতির পর বিমানটি দোহা স্থানীয় সময় রাত ৮টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

যাত্রা বিরতির সময় সকল যাত্রী বিমানের অভ্যন্তরে স্ব-স্ব আসনে অবস্থান করবেন। ১৭ মে (রোববার) বাংলাদেশ সময় ভোর ৪টায় ফ্লাইটটি ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে।

যাত্রীদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী, ট্যুরিস্ট ও বিজনেস ভিসায় আগত বাংলাদেশের নাগরিক এবং সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ। এছাড়া যাত্রীদের মধ্যে যুক্তরাষ্ট্রের এডুকেশন ও কালচারাল কর্মসূচির অধীনে বাংলাদেশ থেকে আগত ৪৯ জন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ রয়েছেন।

নির্দেশনা অনুযায়ী প্রত্যেক যাত্রী কোভিড-১৯ উপসর্গবিহীন মেডিকেল সার্টিফিকেট প্রদর্শনপূর্বক ফ্লাইটে আরোহণ করেন। ঢাকায় অবতরণের পর প্রত্যেক যাত্রী হেলথ্ ডিক্লারেশন ফরম পূরণ করে বাংলাদেশ ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে জমা দেবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.