সৌদি আরব এবার সব ব্যাংকনোট কোয়ারেন্টিনে রাখবে

সৌদি আরব করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করা সব ধরনের ব্যাংকনোট ও কয়েন ১৪ থেকে ২০ দিন কোয়ারেন্টিনে রাখবে। স্বাস্থ্য ঝুঁকি কমাতে ব্যাংকনোট ও মুদ্রা কোয়ারেন্টাইনে রাখার এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির মুদ্রা কর্তৃপক্ষ (এসএএমএ)। গতকাল শুক্রবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির মুদ্রা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘ব্যাংকনোট ও কয়েন ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে এগুলো বিশেষ ব্যবস্থার মধ্য দিয়ে নেওয়া হবে। এরপর এগুলো সংস্থার নির্ধারিত মান অনুযায়ী মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আলাদা করে ফেলা হবে। নোংরা ও ব্যবহার অযোগ্য নোটগুলো সঙ্গে সঙ্গে নষ্ট করে ফেলা হবে।’

পরে বিশেষ ব্যবস্থার মধ্য দিয়ে যাওয়া নোটগুলো সংস্থার গুদামে মজুদ রাখা হবে এবং ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী সরবরাহ করা হবে। ব্যাংকগুলো আরও দীর্ঘমেয়াদে মজুদ রাখতে পারবে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৭১৯ জন। এ ভাইরাসে মারা গেছেন ৩৬৪ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৩ জন।

করোনাভাইরাস মোকাবিলায় ঈদুল ফিতরের উদযাপনও সীমিত করবে সৌদি আরব। রমজান মাস জুড়ে দেশটিতে জারি করা হয় কঠোর লকডাউন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.