করোনায় মৃতদের স্মরণে স্পেনে ১০ দিনের রাষ্ট্রীয় শোক

স্পেন প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহতা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। দেশটিতে সর্বশেষ গতকাল বুধবার করোনায় একজনের মৃত্যু ঘটেছে। এ পর্যন্ত দেশটিতে ২৭ হাজার ১১৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা।

এবার করোনায় মৃত ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে ১০ দিনের বিশেষ শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

বুধবার থেকে শুরু হয়ে আগামী ১০ দিন অর্থাৎ ৫ জুন পর্যন্ত দেশজুড়ে জাতীয় শোক পালন করা হবে বলে মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে জানান সরকারের মুখপাত্র মারিয়া জেসুস।

মারিয়া জেসুস বলেন, এই সময়ে দেশের সরকারি সব ভবনে পতাকা অর্ধনমিত রাখা হবে। নৌবাহিনীর জাহাজেও পতাকা অর্ধনমিত থাকবে। এ ছাড়া রয়েছে বিশেষ কিছু কার্যক্রমের আয়োজন।

উল্লেখ্য, বিশ্বে যে কয়টি দেশ করোনার ভয়াবহ তাণ্ডবের করুণতম দৃশ্য দেখেছিল, স্পেন ছিল সেই তালিকার একদম প্রথম সারিতে। মাত্র কয়েক দিন আগেও এই বৈশ্বিক মহামারীর কারণে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল ইউরোপের অত্যন্ত শিল্পোন্নত ও অর্থনৈতিক সমৃদ্ধশালী এ দেশটি।

দেশটির চিকিৎসা, শিক্ষা, শিল্প, কৃষি, খেলাধুলাসহ অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক কোনো সেক্টরই বাদ যায়নি করোনার ছোবল থেকে।

তবে বিগত দুই সপ্তাহ ধরে স্পেনের করোনা পরিস্থিতিতে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। স্পেন এখন করোনার বিরুদ্ধে জয়ী রাষ্ট্র।

ওয়ার্ল্ডওমিটারসে দেয়া তথ্যানুযায়ী, প্রাণঘাতী করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে স্পেন। ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে দুই লাখ ৮৩ হাজার ৮৪৯ জন। এদের মধ্যে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করনাভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা নেই বললেই চলে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.