বাংলাদেশি শান্তিরক্ষীরা লেবাননে জাতিসংঘ পদক পেলেন

বাংলাদেশ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা পদক পেল। গতকাল বুধবার দেশটির বৈরুত বন্দরে অনুষ্ঠিত প্যারেড গ্রাউন্ডে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর ৯০ জন সদস্যকে এ পদক দেওয়া হয়।

লেবাননে জাতিসংঘের মেরিটাইম টাস্কফোর্স (এমটিএফ) কমান্ডার রিয়ার এডমিরাল সার্জিও রেনাটো বার্না সালগুইরিনহো এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গার্ড পরিদর্শন করেন। পরে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত নৌবাহিনীর সদস্যদের কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশি শান্তিরক্ষীদের জাতিসংঘ পদক প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবানন নৌবাহিনী প্রধান ক্যাপ্টেন হাইসাম দাননাউই।

এই মেডেল প্যারেড অনুষ্ঠানে এমটিএফ কমান্ডার লেবাননে শান্তিরক্ষা কার্যক্রমে অসামান্য অবদানের জন্য ব্যানকন-১০ এর কন্টিনজেন্ট কমান্ডার ও বানৌজা বিজয়ের অধিনায়ক ক্যাপ্টেন এম জয়নাল আবেদীনসহ সকল নৌসদস্যদের সাহসিকতা ও দক্ষতার ভূঁয়সী প্রশংসাসহ নৌবাহিনী ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ ছাড়াও বৈশ্বিক করোনাভাইরাস পরিস্থিতিতে নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী সকল পদক্ষেপ যথাযথভাবে মেনে চলার জন্য বানৌজা বিজয়ের সকল সদস্যকে ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীরা সফলতার সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘের ইউনিফিল মিশনে সেবা প্রদান করে আসছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.