১৭ বিমানসংস্থার বিরুদ্ধে মামলা করছে স্পেন সরকার

করোনাভাইরাস মহামারীর সময় বাতিল হওয়া ফ্লাইটের অর্থ যাত্রীদের ফেরত না দেয়ায় ১৭টি বিমানসংস্থার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে স্পেন। ভোক্তাবিষয়ক মন্ত্রণালয়ের এ হুমকির একদিন বাদে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে আইবেরিয়া। এ উড়োজাহাজ সংস্থাটি জানায়, আইবেরিয়া ও আইবেরিয়া এক্সপ্রেস তাদের গ্রাহকদের অধিকার সম্পর্কে স্পষ্ট করে জানিয়েছে।

ইউরোপীয় আইন অনুসারে, কোন ফ্লাইট বাতিল হলে যাত্রীদের হয় বিকল্প ফ্লাইট বা অর্থ ফেরতের ব্যবস্থা করতে হয়। গ্রাহকদের সম্মতিক্রমে রিফান্ডটি কোনো ভাউচারও হতে পারে বলে গত মাসে স্পষ্ট করে দিয়েছে ইউরোপীয় কমিশন।

স্পেনের ভোক্তাবিষয়ক মন্ত্রণালয় কেন আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে, সে বিষয়ে বলছে, ফ্লাইট বাতিল হওয়ার পর গ্রাহকদের পর্যাপ্ত তথ্য শেয়ার না করার কারণে তারা তাদের অধিকার সম্পর্কে যথাবিহিত অবহিত হতে পারেনি।

মন্ত্রণালয় আরো জানায়, ভাউচার সরবরাহকে একমাত্র অফার হিসেবে জানিয়ে বিমান সংস্থাগুলো গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছে। গ্রাহকদের বিনা সম্মতিতে এ কাজ করার মাধ্যমে তারা আইনের লঙ্ঘন করেছে।

যে বিমান সংস্থাগুলোর বিরুদ্ধে মামলা হতে চলছে, সেগুলো হল- এয়ার ইউরোপা, এয়ার ফ্রান্স, বিন্তার ক্যানারিয়াস, ইজিজেট, ইউরোউইংস, আইবেরিয়া (আইবেরিয়া এক্সপ্রেস অ্যান্ড এয়ার নস্ট্রাম), জেট টু, কেএলএম, ল্যাটাম এয়ারলাইনস, লুফতানসা, রায়ানএয়ার, স্ক্যান্ডিনেভিয়ান এয়ালাইনস (এসএএস), ট্র্যান্সেভিয়া, থমসন এয়ারওয়েজ (টিইউআই), ইউনাইটেড এয়ারলাইনস, ভলোতিয়া ও উইজএয়ার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.