করোনাভাইরাসের বিস্তার রোধে আগামী ৩০ জুন পর্যন্ত শর্তসাপেক্ষে সীমিত পরিসরে চলতে পারবে প্লেন, ট্রেন, যাত্রীবাহী নৌযান ও গণপরিবহন। তবে সর্বাবস্থায় মাস্ক পরিধান করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে ও করোনা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে সরকার ১৫ জুনের পর ৩০ জুন পর্যন্ত শর্তসাপেক্ষে দেশের সার্বিক কার্যাবলী এবং জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে এ নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়, অনুমোদিত অঞ্চলে শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান, রেল ও প্লেন চলাচল করতে পারবে। তবে সর্বাবস্থায় মাস্ক পরাসহ স্বাস্থ্য বিভাগ জারি করা নির্দেশনা কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে হবে।
‘সড়ক ও নৌপথে সব প্রকার পণ্য পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন (ট্রাক, লরি, কার্গো ভেসেল প্রভৃতি) চলাচল অব্যাহত থাকবে।’
উল্লেখ্য ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে গত ১ জুন থেকে গণপরিবহন চালু করা হয়।
করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে ও করোনা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে সরকার দেশের বিভিন্ন অঞ্চলকে তিন ভাগে ভাগ করেছে। এগুলো হল- লাল, হলুদ ও সবুজ জোন। তার মধ্যে লাল ও হলুদ জোনে সাধারণ ছুটি ঘোষণা করেছে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।