আফ্রিদিকে ছেড়ে এবার কোহলিকে তীব্র আক্রমণ গম্ভীরের!

আফ্রিদিকে ছেড়ে এবার কোহলিকে তীব্র আক্রমণ করলেন গম্ভীর। অনলাইনে সবসময় পাকিস্তানের শহিদ আফ্রিদির সঙ্গে ঝগড়া করতে দেখা যায় ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীরকে। আফ্রিদি এখন করোনাভাইরাসে আক্রান্ত। অবশ্য এই অবস্থায় আফ্রিদির সুস্থতা কামনা করেছেন গম্ভীর। এবার তিনি তোপ দেগেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে। অধিনায়ক হিসেবে কোহলির কোনো অর্জন নেই বলে ঘোষণা করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এই সাংসদ।

একটি ক্রিকেট বিষয়ক শোতে গম্ভীর বলেছেন, ‘ক্রিকেট হলো দলগত খেলা। নিজে রানের পর রান করে দলে জায়গা রাখা যেতেই পারে। ব্রায়ান লারা যেমন প্রচুর রান করেছে। আবার জ্যাক ক্যালিস কিছুই জিতে উঠতে পারেনি। আর সত্যি কথা বলতে বিরাট কোহালিও অধিনায়ক হিসেবে কিছু জিততে পারেনি। ওর জেতার জন্য অনেক কিছু বাকি আছে। সে নিয়মিত বড় রান করতেই পারে। কিন্তু আমার মতে বড় ট্রফি না জিতলে কোহলির ক্রিকেট ক্যারিয়ার পূর্ণতা পাবে না।’

এর আগে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হিসেবে ট্রফি না জেতার জন্য বিরাট কোহালির সমালোচনা করেছিলেন গম্ভীর। প্রশ্ন তুলেছিলেন নেতা কোহালির যোগ্যতা নিয়ে। জাতীয় দলের অধিনায়ক হিসেবেও কোহালি কোনও আইসিসি প্রতিযোগিতায় জেতেননি। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারতে হয়েছে। গত বছর বিশ্বকাপের সেমিফাইনালে হারতে হয়েছিল নিউজিল্যান্ডের কাছে।

গম্ভীর বলেছেন, ক্রিকেটারদের শক্তি ও দুর্বলতা বুঝতে হবে কোহালিকে। নিজের সঙ্গে সতীর্থদের তুলনা করলে চলবে না। সাবেক ওপেনারের কথায়, ‘কোহালি অন্যদের চেয়ে আলাদা। ওর মতো দক্ষতা অনেকেরই নেই। তাই কে কেমন ক্রিকেটার সেটা বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ গুণ। নিজের সঙ্গে বাকিদের বা নিজের তাগিদ, উদ্যমের সঙ্গে বাকিদের তুলনা করলে চলবে না। কারণ প্রত্যেক ব্যক্তিই আলাদা। প্রত্যেকেরই নিজস্ব সুবিধা-অসুবিধা শক্তি-দুর্বলতার জায়গা আছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.