কাতার সরকার দেশটিতে নির্মাণ খাতে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় বেলা সাড়ে ১১টা থেকে ৩টা পর্যন্ত বিশ্রামের বিরতি দেয়া বাধ্যতামূলক করেছে। বিশ্রাম বিরতির সময়ে কাজে পেলেই নিয়োগ কর্তা ও শ্রমিকদের করা হচ্ছে জরিমানা। আর তাই জরিমানার হাত থেকে বাঁচতে এ সময়ের মধ্যে প্রবাসী শ্রমিকদের কাজ না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
বর্তমানে বিভিন্ন পেশায় কাতারে চার লাখ ১৬ হাজার বাংলাদেশি কর্মরত আছেন। এর মধ্যে বড় একটা অংশ কাজ করেন নির্মাণ খাতে। একদিকে করোনা সংক্রমণ, অন্য দিকে গরমে তাপমাত্রা বৃদ্ধির কারণে কিছুটা বিপাকে পড়েছে খোলা জায়গায় কর্মরত অভিবাসী ও প্রবাসী বাংলাদেশিরা।
এসব পরিস্থিতির কথা চিন্তা করে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত দিনের বেলায় সাড়ে ১১ টা থেকে ৩ টা পর্যন্ত কাজ নিষিদ্ধ করেছে কাতার সরকার।
কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, শ্রমিকদের কল্যাণে এমন মহতি উদ্যোগের জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কোন কোম্পানি এ সময়ের মধ্যে কাজ করাতে চাইলে কাতার পুলিশের সহযোগিতা নিতে বললেন।
কাতারে এ পর্যন্ত আইনটি অমান্য করায় ৬০টির মত কোম্পানির কাজ বন্ধসহ জরিমানা করা হয়েছে। পাশাপাশি সকাল থেকে এক টানা খোলা জায়গায় শ্রমিকদের ৫ ঘন্টার বেশি কাজ না করাতে বলা হয়েছে।