করোনা মহামারির কারণে এ বছর বিদেশ থেকে হজে যাওয়ার সুযোগ বন্ধ রাখায় দুঃখ প্রকাশ করেছে সৌদি আরব।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে টেলিফোন করে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ জানান,
করোনার বিস্তার রোধে এ বছর এক হাজারেরও কম মানুষের অংশগ্রহণে হজ অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে সৌদি মন্ত্রীর বরাতে জানানো হয়েছে, দেশটিতে বসবাসকারী বিভিন্ন দেশের নাগরিকরা সীমিত সংখ্যায় হজে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
বিদেশ থেকে কোনো হজযাত্রী এবার সৌদি আরব যেতে পারবেন না। এ কারণে সৌদি সরকার দুঃখিত।
এদিকে ধর্ম সচিব মো. নুরুল ইসলাম জানিয়েছেন, সৌদি কর্তৃপক্ষ সোমবার রাতে টেলিফোনে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানিয়েছে।
জানানো হয়, স্বাস্থ্যঝুঁকি থাকায় এ বছর বাংলাদেশ তথা বাইরের কোনো দেশ থেকে কোনো হজযাত্রী নিতে পারছেন না।
এজন্য বাংলাদেশের সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে ও ধর্মপ্রাণ নাগরিকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সৌদি আরব।
আরও খবর