বাংলাদেশে ২০১৯ সালে সংঘটিত ছোট ছোট কিছু বিস্ফোরণ ও হামলা ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইসিস বা আইএস)
চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। এছাড়াও গত বছর বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড কিছুটা বেড়েছে বলেও জানায় তারা।
বুধবার (২৪ জুন) রাতে ওয়াশিংটন ডিসির পররাষ্ট্র দফতর থেকে প্রকাশিত ২০১৯ সালের সন্ত্রাস বিষয়ক বৈশ্বিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গত বছর বাংলাদেশে ছোট পরিসরে কিছু বিস্ফোরণ ও হামলাকে সাইট ইন্টিলিজেন্স গ্রুপ ইতোপূর্বে আইএসের হামলা বলে অভিহিত করলেও স্থানীয় বিশ্লেষকরা
তা নাকচ করে দিয়েছেন। স্থানীয় নিরাপত্তা বিশ্লেষকদের যুক্তি, আইএসের যেসব কর্মকাণ্ড সম্পর্কে বিশ্ব জানে তাতে এ ধরনের ছোট পরিসরে হামলার নজির নেই।
তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রতিবেদনে এসব হামলাকে আইএসের বলেই অভিহিত করা হয়েছে।
আইএস বা আইএস দ্বারা অনুপ্রাণিত গোষ্ঠী বাংলাদেশে সক্রিয় বলে যুক্তরাষ্ট্র বেশ কয়েক বছর ধরেই অভিযোগ করে আসছে।
যুক্তরাষ্ট্রের এবারের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর আইএস বাংলাদেশে ছয়টি ‘ইমপ্রুভাইজড এক্সক্লুসিভ ডিভাইস (আইইডি)’ হামলার দায় স্বীকার করেছে।
সেই হামলাগুলোর পাঁচটিই ছিল পুলিশকে লক্ষ্য করে।
এ ছাড়া আইএসের আত-তামকিন মিডিয়া আউটলেট বাংলাদেশ সরকার ও অন্যদের শত্রু হিসেবে অভিহিত করে তাদের বিরূদ্ধে বাংলায় প্রোপাগান্ডামূলক ভিডিও প্রকাশ করেছিল।