নিউ ইয়র্ক টাইমসের খবরের প্রতিক্রিয়ায় যা বলল তালেবান

তালেবান মার্কিন সেনাদের হত্যা করার বিনিময়ে রাশিয়ার কাছ থেকে অর্থ সংগ্রহ করছে, মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের এই খবর, প্রত্যাখ্যান করেছে এই গোষ্ঠী।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, কোনো বহিঃশক্তি বা বিদেশি গোয়েন্দা সংস্থার অর্থে তালেবানের যুদ্ধ চলে না।

তিনি রোববার এক টুইটার বার্তায় লিখেছেন, তালেবান গত ১৯ বছর ধরে আগ্রাসী শক্তিগুলোর বিরুদ্ধে যে লড়াই করছে তা কোনো বিদেশি শক্তির ওপর নির্ভর করে করেনি এবং হামলার লক্ষ্যবস্তু নির্ধারণের ক্ষেত্রেও কারো সাহায্যের প্রয়োজন তালেবানের নেই।

সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করে, আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর পাশাপাশি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনাদের হত্যা করার বিনিময়ে রাশিয়ার কাছ থেকে মোটা অংকের পুরস্কার পায় তালেবান।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আরও বলেন, এ ধরনের প্রচারণা আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পথে বাধা সৃষ্টি করার লক্ষ্যে চালানো হচ্ছে।

তিনি বলেন, তালেবান আফগান জনগণসহ গোটা বিশ্ববাসীকে এই নিশ্চয়তা দিচ্ছে যে, তারা কারো ক্রীড়নক হিসেবে কাজ করছে না এবং দখলদার সেনাদের আফগানিস্তান থেকে বহিষ্কার করা ছাড়া অন্য কোনো লক্ষ্যেও তাদের লড়াই নয়। তালেবান কাতার শান্তি চুক্তি মেনে চলছে দাবি করে মুজাহিদ বলেন, এই চুক্তি বাস্তবায়ন হলে আফগানিস্তানে শান্তি ফিরে আসবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.