বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হবে: এমপি সাহাদারা মান্নান

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী বলেছেন, উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র বগুড়া একটি গুরুত্বপূর্ণ জেলা। এ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ ও দ্রুত

করতে পারলে বগুড়া অঞ্চলের উন্নয়ন অনেকাংশে সম্ভব হবে।
এ জন্য বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হবে।

বগুড়ায় বিমানবন্দর চালু হলে বগুড়াসহ এ অঞ্চলে বিদেশি বিনিয়োগ বাড়বে।

এতে করে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বিমানবন্দর চালুর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়াও বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।
গতকাল বুধবার দুপুরে সারিয়াকান্দির উপজেলার বাসভবনে দৈনিক আমাদের সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার চিন্তা-ভাবনার কথা তুলে ধরেন।

সাহাদারা মান্নান বলেন, সারিয়াকান্দিতে যমুনায় প্রায় ৮০টি চর রয়েছে। এসব চরের উৎপাদিত ফসল কৃষকরা ন্যায্যমূল্যে বিক্রি করতে পারেন না।
কৃষক যাতে নিবিঘ্নে তার ফসল বাজারজাত করতে পারেন তার জন্য উদ্যোগ নেবেন তিনি।
সাংসদ বলেন, প্রয়াত সাংসদ আবদুল মান্নানের প্রতিশ্রুত ছিল সারিয়াকান্দি-মাদারগঞ্জ ফেরি সার্ভিস চালু করার।
কিন্তু তিনি তা করে যেতেন পারেননি। আমি সেই ফেরি সার্ভিস চালুর ব্যবস্থা করব। এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে এমপি হিসেবে আমি ভূমিকা রাখব।

সাহাদারা মান্নান বলেন, সারিয়াকান্দি বাসির দুঃখ যমুনা ও বাঙালি নদীর ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ছাড়াও বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেবেন। চরাঞ্চলবাসীর ভাগ্যের উন্নয়নে ঘরে ঘরে সৌরবিদ্যুতের মাধ্যমে প্রতিটি ঘর আলোকিত করবেন। বেকার সমস্যা দূর করতে সারিয়াকান্দিতে নৌ বন্দর গড়ে তুলবেন। এ ছাড়াও সারিয়াকান্দিতে একটি সার কারখানা ও নতুন শিল্প কলকারখানা স্থাপনের উদ্যোগসহ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন।

নব নির্বাচিত সাংসদ আরও বলেন, আমি সোনাতলা-সারিয়াকান্দিবাসীর কাছে চির কৃতজ্ঞ। বন্যা ও করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে ভোট কেন্দ্রে এসে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন তা কোনোদিন ভোলার মতো নয়। আমি যতদিন বেঁচে থাকব এ এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যেতে চাই। তিনি বলেন, প্রয়াত সাংসদ আবদুল মান্নানের স্বপ্নপূরণ এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.