ইতালি ফেরত বাংলাদেশিদের মধ্যে যাদের করোনা শনাক্ত হয়েছে তাদের কেউই ঢাকা থেকে ‘ভুয়া’ সার্টিফিকেট নিয়ে যাননি বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত সপ্তাহে রোমের বিমানবন্দরে কয়েকজন বাংলাদেশির করোনা উপসর্গ ধরা পড়া, পরবর্তীতে কাতার এয়ারের দু’টি ফ্লাইটের দেড় শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠানো এবং বাংলাদেশিসহ ১৩ দেশের নাগরিকের ইতালি প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারির প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের তরফে ওই দাবি করা হয়।
ইতালিতে বাংলাদেশিদের প্রবেশে বিদ্যমান নিষেধাজ্ঞার সঙ্গে করোনা সার্টিফিকেশনের কোনো যোগসূত্র নেই বলেও দাবি করা হয় সেগুনবাগিচার সংবাদ বিজ্ঞপ্তিতে। তবে ওই বিজ্ঞপ্তিতে অনেক অস্পষ্টতা ছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘সম্প্রতি বাংলাদেশ থেকে ইতালি গেছেন প্রায় ১৬০০ বাংলাদেশি। তাদের কেউ ভুয়া কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট বহন করছিলেন এমন প্রমাণ মেলেনি।
’ ইতালিসহ পশ্চিমা সংবাদ মাধ্যম এবং ঢাকায় প্রকাশিত এ সংক্রান্ত রিপোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে জানিয়ে সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে ইতালি যাওয়া যাত্রীদের কেউ কেউ ‘যদি কোথাও দরকার হয়’ এমন ভাবনায় স্ব-প্রণোদিত হয়ে ‘কোভিড-১৯ নেগেটিভ’ সার্টিফিকেট নিয়ে গেছেন।
এই সার্টিফিকেটগুলোর মধ্যে কোনো ‘ভুয়া’ সার্টিফিকেট ছিল কি-না? বা তা যাচাই-বাছাই বা খতিয়ে দেখা হয়েছে কি-না? সংবাদ বিজ্ঞপ্তিতে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে সেগুনবাগিচার বিজ্ঞপ্তির একটি অংশে বলা হয়, দুর্ভাগ্যজনকভাবে, সম্প্রতি ইতালি গেছেন এমন কিছু বাংলাদেশি বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নিয়ম মানেননি এবং সম্ভবত তাদের কারো কাছ থেকে কমিউনিটির মধ্যে সংক্রমণ ছড়িয়েছে।
যদিও ইতালিতে গমনের জন্য কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে এমন কোনো শর্ত এখনো দেশটির সরকার আরোপ করেনি। ফলে যারা বাংলাদেশ থেকে গেছেন, এবং কোয়ারেন্টিনের শর্ত মানেননি বলে দাবি করছে মন্ত্রণালয় তখন সঙ্গত কারণেই প্রশ্ন আসে প্রবাসীরা বাংলাদেশ থেকে যাওয়ার সময় ভাইরাস বহন করছিলেন কি-না? সেক্ষেত্রে তাদের কী ধরনের স্বাস্থ্য পরীক্ষার পর বিমানে আরোহণের অনুমতি দেয়া হয়েছিল?
কারণ ইতালিতে ভ্রমণের জন্য কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট চাওয়া না হলেও বিমান ভ্রমণের জন্য সাধারণত কিছু স্বাস্থ্য পরীক্ষা এবং বিমানবন্দরে একটি স্ক্রিনিং পার হয়ে যেতে হয়। গত জুন মাসের শুরুতে বিমান চলাচল ফের সচল হওয়ার পর বিদেশ ভ্রমণের সময় দেখা যায় একেক দেশে ভ্রমণের জন্য একেক ধরনের নিয়ম বা শর্তারোপ করছে।
এর মধ্যে কোনো কোনো দেশ কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করে দেয়। কিন্তু ইতালিসহ বেশিরভাগ দেশেই এ সংক্রান্ত কোনো নিয়ম বা অপরিহার্য শর্ত আরোপ করেনি। কিন্তু সম্প্রতি বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের মধ্যে করোনাভাইরাস পজেটিভ ব্যক্তি পাওয়ায় ঢাকার সঙ্গে বিমান যোগাযোগ স্থগিত করে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও ইতালি।
এরপর ১২ই জুলাই এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, বিদেশগামী সব যাত্রীকে বাধ্যতামূলকভাবে করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে নিতে হবে। পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর অংশগ্রহণে এক ভার্চুয়াল বৈঠকে ওই সিদ্ধান্ত হয়। তবে বিমান সংস্থাগুলোর কাছে এখনো এ সংক্রান্ত স্পষ্ট নির্দেশনা নেই। উল্লেখ্য, গত এক সপ্তাহে ইতালির লাৎজিও অঞ্চলে বসবাসরত পাঁচ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে।
যার মধ্যে ৬৫ জন বাংলাদেশির কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট এসেছে। যার প্রেক্ষিতে ইতালি সরকার সিদ্ধান্ত নিয়েছে লাৎজিওতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির প্রায় ৩০ হাজার বাংলাদেশির প্রত্যেকের (গণহারে) করোনা পরীক্ষা করার। তবে এটি হবে স্বেচ্ছায়, তারা পরীক্ষার জন্য কাউকেই জোর করবে না। বাংলাদেশিদের টেস্টে উৎসাহিত করতে রোমের বাংলাদেশ দূতাবাসকে দায়িত্ব দিয়েছে ইতালির কর্তৃপক্ষ।
স্মরণ করা যায়, করোনার সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ ১২টি দেশের নাগরিকের আগামী ৩১শে জুলাই পর্যন্ত ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। দেশটির কট্টরপন্থিরা এ নিষেধাজ্ঞা বহাল তথা আরো কড়াকড়ি আরোপের দাবি জানাচ্ছেন।
প্রকাশ : মানব জমিন