করোনাভাইরাসের অ্যান্টিবডি টেস্ট করা যাবে ঘরে বসেই

কোটি কোটি পরিবারে বিনা মূল্যে করোনার অ্যান্টিবডি পরীক্ষার উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার।
ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, কোনো ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল কি না, মাত্র ২০ মিনিটের পরীক্ষায় তা নিশ্চিত হওয়া যাবে।

এত দিন এই পরীক্ষা অনেকটা গোপনেই করা হয়েছে। এতে সাফল্য পাওয়ায় এবার দেশব্যাপী পরীক্ষার উদ্যোগ নিয়েছে বরিস জনসন সরকার।
গতকাল রবিবার টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, ট্রায়ালের সময় প্রায় ৯৮.৬ শতাংশ নমুনায় সঠিক ফল পাওয়া গেছে।
তবে কিভাবে এই পরীক্ষা করা হয় সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তৈরি করা হয়েছে এই কিট।
অক্সফোর্ডের মেডিসিন বিভাগের অধ্যাপক স্যার জন বেল বলেছেন, ‘এই টেস্ট সত্যি অসাধারণ।
আপনি বাড়িতে বসেই জানতে পারবেন আপনি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন কি না।’

এত দিন রক্তের নমুনা ল্যাবরেটরিতে পাঠিয়ে অ্যান্টিবডি টেস্ট করা হতো। এই পরীক্ষা সম্পন্ন করতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লেগে যেত।
অক্সফোর্ড দাবি করেছে, এই টেস্ট আপনাকে বলে দেবে করোনার সঙ্গে লড়তে আপনার শরীর কতটা প্রতিরোধ গড়ে তুলেছে।
তবে আগামী দিনে কোনো সংক্রমণ রুখতে আপনার শরীর তৈরি কি না, সেটা জানা যাবে না। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.