জার্মানির বাডেন ভুইর্টেমব্যার্গ অঙ্গরাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে বোরকা ও হিজাব নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির রাজ্য সরকার।
দীর্ঘদিন থেকে চলমান বিতর্কের পরে স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের এ সিদ্ধান্ত নিয়েছে বাডেন ভুর্টেমব্যার্গ রাজ্য সরকার।
তবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আপাতত বোরকা- হিজাব পরতে বাধা নেই।
গত মঙ্গলবার (২১ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে দেশটির ওই রাজ্য সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে স্কুলে বোরকা-হিজাব বা এমন কিছু পরা যাবে না, যা মুখ ঢেকে রাখে।
তবে বেশ আগে থেকেই শিক্ষিকাদের জন্য এ নিয়ম চালু করেছিল রাজ্যটি। জার্মানির এই রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে গ্রিন পার্টি।
ছাত্রীরা মুখ ঢেকে স্কুলে যেতে পারবে কিনা তা নিয়ে গত কয়েক মাস ধরেই বিতর্ক চলছিল সেখানে। ঘটনার সূত্রপাত এক স্কুল ছাত্রীর একটি মামলা নিয়ে।
স্কুলে বোরকা বা হিজাব পরার পক্ষে আদালতে মামলা করেছিলেন তিনি।
দীর্ঘ সওয়াল-জবাবের পরে আদালত জানায়, রাজ্যের স্কুলে আইন অনুযায়ী ছাত্রীদের মুখ ঢেকে যেতে কোনো বাধা নেই।
কিন্তু রাজ্য যদি স্কুল-আইন পরিবর্তন করে, সে ক্ষেত্রে নিয়মের পরিবর্তন হতে পারে।
আদালতের এই রায়ের পরেই প্রশাসন স্কুল আইন পরিবর্তনের তোড়জোড় শুরু করে এবং গত মঙ্গলবার (২১ জুলাই) থেকে তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে।
স্কুল আইন পরিবর্তন করলেও বিষয়টি নিয়ে পুরো জার্মানিজুড়ে রয়েছে ব্যাপক বিতর্ক।
কোনো কোনো রাজনৈতিক দল মনে করে বোরকা বা হিজাব ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী। কোনো গণতান্ত্রিক দেশে নারীদের মুখ ঢাকতে বাধ্য করা যায় না।
তাদের মধ্যে অনেক রাজনীতিবিদ জানিয়েছেন, শুধু বাডেন ভুর্টেমব্যার্গেই নয়, গোটা জার্মানিতেই বোরকা বা হিজাব বাতিল করা উচিত।
আবার অনেকেই বলছেন, সকলেরই পোশাক নির্বাচনের অধিকার আছে। গণতান্ত্রিক দেশে সকলের ধর্ম চর্চারও সমান অধিকার আছে।
বোরকা বা হিজাব যেহেতু ধর্মীয় পোশাক, ফলে তা পরারও অধিকার সকলের রয়েছে।
তবে বাডেন ভুর্টেমব্যার্গ প্রশাসন জানিয়েছে, স্কুলে এমনিতেই খুব বেশি ছাত্রী মুখ ঢেকে আসত না। ফলে বিষয়টি নিয়ে এত শোরগোলের কারণ নেই। কলেজ-বিশ্ববিদ্যালয় স্তরে এখনও এ বিষয়ে কোনো আইন করা হয়নি। সাধারণত কলেজে-বিশ্ববিদ্যালয়েই প্রাপ্ত বয়স্ক ছাত্রীরা পড়ালেখা করেন। সে কারণেই আপাতত কলেজ-বিশ্ববিদ্যালয় স্তরের বিষয়টি ছাড় দেয়া হয়েছে।