দুর্নীতির দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ১২ বছরের জেল

রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের (ওয়ানএমডিবি) অর্থ তছরুপের প্রথম মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। সেই সঙ্গে তাকে ২১ কোটি রিঙ্গিত জরিমানাও করা হয়েছে।

আজ মঙ্গলবার কুয়ালালামপুর হাই কোর্টের বিচারক মোহাম্মদ নাজিম মোহাম্মদ গাজ্জালি এ রায় ঘোষণা করেন।

এ মামলায় প্রসিকিউশনের আনা সাত দফা অফিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে জানান বিচারক। প্রত্যেকটি অভিযোগের জন্য আলাদাভাবে সাজা ঘোষণা করা হয়। এর মধ্যে ক্ষমতার অপব্যবহারের একটি অভিযোগে নাজিব রাজাককে ১২ বছরের কারাদণ্ডের পাশাপাশি জরিমানা করেন বিচারক।

এছাড়া দায়িত্বে থেকে বিশ্বাসভঙ্গের তিনটি অভিযোগের প্রত্যেকটিতে ১০ বছর করে এবং মানি লন্ডারিংয়ে তিনটি অভিযোগের প্রত্যেকটিতে তাকে আর ১০ বছর করে সাজা দেয়া হয়।

রায়ে বলা হয়, নাজিব রাজাকের সবগুলো ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে। ফলে সব মিলিয়ে তাকে সর্বোচ্চ ১২ বছর জেল খাটতে হবে।

এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার ক্ষমতায় থাকা নাজিব রাজাক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.