ইরানে করোনায় মৃতের প্রকৃত সংখ্যা নিয়ে নথি ফাঁস

করোনায় সরকারি হিসাবের চেয়ে তিনগুণ বেশি মানুষ মারা গেছে ইরানে। আক্রান্তের সংখ্যাও সরকারি হিসাবে কম দেখানো হয়েছে। সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এমনটাই দাবি করেছে। খবর বিবিসির।

এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সরকারের নথিতে দেখা যাচ্ছে, দেশটিতে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে গত ২০ জুলাই পর্যন্ত ভাইরাসটির উপসর্গ নিয়ে অন্তত ৪২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আর ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছিল, ২০ জুলাই পর্যন্ত ইরানে করোনায় আক্রান্ত হয়ে ১৪ হাজার ৪০৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ইরানে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৫১ হাজার ২৪ জনের, যা সরকারের দেওয়া তথ্যের দ্বিগুণ। ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, গত ২০ জুলাই পর্যন্ত ইরানে মোট ২ লাখ ৭৮ হাজার ৮২৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে।

করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হওয়া দেশগুলোর মধ্যে ইরান একটি। এর আগে করোনা সংক্রমণ কিছুটা হ্রাস পেলেও সম্প্রতি ইরানে দ্বিতীয় দফায় তা বৃদ্ধি পাচ্ছে।

বিবিসি বলেছে, তাদের কাছে আসা ইরানের স্বাস্থ্যবিষয়ক নথি থেকে জানা যায়, ইরানে করোনায় গত ২২ জানুয়ারি প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ মৃত্যুর আরো অন্তত এক মাস পর ইরান সরকার জানায়, দেশটিতে করোনা শনাক্ত হয়েছে। মূলত করোনাভাইরাস নিয়ে ইরান সরকারের দেওয়া তথ্যের ব্যাপারে শুরু থেকেই অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন।

বিশ্বজুড়ে করোনা শনাক্তের পরীক্ষা কম হওয়ার কারণে মৃত্যুর প্রকৃত সংখ্যা চাপা পড়ে যায়। তবে অজানা সূত্রে পাওয়া নথির বরাত দিয়ে বিবিসি বলছে, ইরান সরকারের কাছে সব পরিসংখ্যান থাকা সত্ত্বেও তারা প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি।

সুত্র-সমকাল

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.