সামাজিক দূরত্ব এবং সরকার থেকে প্রদত্ত নির্দেশনা মেনে ঈদুল আজহা উদযাপন করেছে ভিয়েনার ধর্মপ্রাণ মুসল্লিরা।
ভিয়েনার ইসলামিক সেন্টারে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৬টায়।
ভিয়েনাতে সবচেয়ে বড় ঈদের জামাত ভিয়েনা ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়। এছাড়া বাংলাদেশি মসজিদগুলোতেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানেও প্রবাসী বাংলাদেশিরা সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করেন।
সরকার থেকে প্রদত্ত স্বাস্থ্য বিধির কথা মাথায় রেখে বাংলাদেশি মসজিদগুলোতে কয়েকটি জামাতের ব্যবস্থা করা হয়। এবারের ঈদের জামাতে সকলেই করোনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।
এদিকে মুসল্লীরা সরকার থেকে দেয়া নির্দেশনা মেনেই ভিয়েনার বাইরে অবস্থিত কসাইখানাতে পশু কোরবানি দেন। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নির্দিষ্ট সময়সীমার মধ্যে পশু কোরবানির যাবতীয় কার্যক্রম শেষ করতে হয়েছে। সব মিলিয়ে ভিন্নরকম এক ঈদুল আজহা উদযাপন করেছে ভিয়েনার মুসলমানরা।