জাল কাগজপত্র বিক্রি, মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৬ বিদেশি গ্রেফতার

ইমিগ্রেশনের জাল কাগজপত্র বিক্রির দায়ে বাংলাদেশিসহ ১৬ বিদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। দুই মাস নজরদারি শেষে ৪ আগস্ট জালান লেবুহ পুডুতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

তাদের কাছ থেকে ১৩টি নকল ইমিগ্রেশন কার্ড, ৩৫টি নকল ইউএনএইচসিআর কার্ড, ৬টি নকল ইউএনএইচসিআর চিঠি, ল্যাপটপ, প্রিন্টার এবং ল্যামিনেশন মেশিন জব্দ করা হয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক খায়রুল দাজায়মি দাউদ এসব তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে বলা হয়, এই সিন্ডিকেট মিয়ানমারের নাগরিকদের কাছে নকল ইউএনএইচসিআর কার্ড এবং ইমিগ্রেশনের জাল কাগজপত্র বিক্রি করত।

দু’মাসের নজরদারিতে দেখা গেছে, তাদের দিনে ৩০ থেকে ৫০ জন গ্রাহক ছিল। দুই বছর ধরে কাজ করা এই সিন্ডিকেট প্রায় ৩০ হাজার লোকের কাছে নকল ইউএনএইচসিআর কার্ড বিক্রি করেছে।

তারা প্রতিটি জাল নথির জন্য ৩০ রিঙ্গিত থেকে ১৫০ রিঙ্গিত চার্জ হিসেবে লোকজনের কাছ থেকে নিত। এছাড়া এ সিন্ডিকেট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো নকল কাগজপত্র দেশব্যাপী গ্রাহকদের সেবা দিত।

গ্রেফতারদের বিরুদ্ধে অভিবাসনবিরোধী আইনের অধীনে তদন্ত চলছে বলে জানান ইমিগ্রেশন মহাপরিচালক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.