বিস্ফোরণের সম্ভাব্য কারণ অনুসন্ধানে আন্তর্জাতিক তদন্তের দরকার নাই বলে জানিয়ে দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। তবে তিনি মনে করছেন, এ ঘটনায় বিদেশি হস্তক্ষেপ থাকতে পারে।
তিনি বলেছেন, প্রাথমিকভাবে অ্যামোনিয়াম নাইট্রেট নামে বিস্ফোরক সামগ্রীর বিশাল মজুত থেকে এ বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছে। সরকারি কর্মকর্তারাও একই রকমের তথ্য দিয়েছেন।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘ঘটনার কারণ এখনও জানা যায়নি। রকেট বা বোমা কিংবা অন্য কোনো ভাবে বাইরে থেকে হস্তক্ষেপের আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।’
আউন আরও জানান, এ বিস্ফোরণের ঘটনায় তিন পর্যায়ে তদন্ত চলছে। ‘প্রথমত, কিভাবে ওই বিস্ফোরকগুলো গুদামে ঢুকেছে ও মজুত করা হয়েছে। দ্বিতীয়ত, অবহেলা বা দুর্ঘটনাজনিত কারণে ওই বিস্ফোরণ হয়েছে কিনা। এবং তৃতীয়ত, বাইরের হস্তক্ষেপের আশঙ্কা।’