আশ্রয় দেওয়ার কথা অস্বীকার করলেও শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান সরকার স্বীকার করলো, করাচির ক্লিফটন রোডে বসবাস করছেন ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম।
এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্যারিসভিত্তিক ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স ২০১৮ সালের জুনে পাকিস্তানকে ধূসর তালিকায় রেখে সন্ত্রাসবাদে সহায়তাকারী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল পাকিস্তানকে।
২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে তারা সময় বেঁধে দিলেও করোনার কারণে তা বাড়ানো হয়।
এই নির্দেশের ভিত্তিতে গতকাল শনিবার (২২ আগস্ট) পাকিস্তান সরকার সন্ত্রাসবাদে সহায়তাকারী ৮৮টি গোষ্ঠীর তালিকা প্রকাশ করেছে, যেখানে রয়েছে ১৯৯৩ সালে মুম্বাইয়ে সিরিজ বোমা হামলার প্রধান অভিযুক্ত দাউদ ইব্রাহিম।
পাকিস্তানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দাউদ ইব্রাহিমের বর্তমান ঠিকানা ‘হোয়াইট হাউজ, সৌদি মসজিদ, ক্লিফটন, করাচি।’
এছাড়া ৩০ স্ট্রিট, ডিফেন্স, হাউজিং অথরিটি, করাচি এবং নূরাবাদ, করাচির পাহাড়ি এলাকায় তার দুটি বাঙলো রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।