মানব পাচার মামলায়ই দুই বছরে ৮১% খালাস পেয়েছে আসামি

মানব পাচারের ঘটনায় মামলা  গত দুই বছরে নিষ্পত্তি হওয়া ৮১ শতাংশেরও বেশি আসামিরা খালাস পেয়েছে। মাত্র ১৩টি মামলায় দণ্ডিত হয়েছে আসামিরা। অভিযোগপত্র হলেও মামলা খালাসের হার বেশি হওয়ার পেছনে আর্থিক ক্ষতিপূরণ পেয়ে ভুক্তভোগীর মামলা পরিচালনার অনীহাকে দায়ী করছেন তদন্তকারী কর্মকর্তারা। তবে বিশেষজ্ঞরা বলছেন, দুর্বল অভিযোগপত্রে পার পেয়ে যাচ্ছে মানব পাচারকারীরা।

নিয়ম অনুযায়ী ভুক্তভোগীর অভিযোগ নথিভুক্ত করার মধ্য দিয়ে শুরু হয় আইনি প্রক্রিয়া। মামলার পর শুরু হয় তদন্ত। এ পর্যায়ে আসামি গ্রেফতার, অভিযোগের সপক্ষে তথ্যপ্রমাণ সংগ্রহসহ কয়েকটি ধাপে কার্যক্রম পরিচালনা করে থাকেন তদন্তকারী কর্মকর্তা। এরপর তথ্যপ্রমাণে অভিযোগের প্রাথমিক সত্যতা পেলে পুলিশের পক্ষ থেকে অভিযোগপত্র প্রস্তুত করে বিচারিক কার্যক্রম শুরুর জন্য আদালতে দাখিল করা হয়। আর প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা না পেলে আদালতে চূড়ান্ত রিপোর্ট দিয়ে মামলা থেকে আসামিদের অব্যাহতি দিতে আবেদন করে পুলিশ।

কিন্তু তদন্তকারী সংস্থার পক্ষ থেকে অভিযোগপত্র দেয়া হলেও ২০১৮ ও ২০১৯ সালে মানব পাচার প্রতিরোধ আইনের ৭০টি মামলার মধ্যে ৮১ শতাংশ মামলায় আসামিরা খালাস পেয়েছে। আর সাজা হয়েছে ১৮ শতাংশ মামলায়।

বিশেষজ্ঞদের মতে, মানব পাচার প্রতিরোধ আইনের মামলাগুলোয় শক্তপোক্ত তথ্যপ্রমাণ ব্যতীত আসামিদের শাস্তি নিশ্চিত করা কঠিন বিষয়। অধিকাংশ ক্ষেত্রেই তদন্তকারী সংস্থার দুর্বল অভিযোগপত্রে পার পেয়ে যায় মানব পাচারকারীরা। আবার কিছু ক্ষেত্রে আর্থিক লেনদেনের ফলেও মামলার স্বাভাবিক তদন্তকাজ বাধাগ্রস্ত হয়। পাশাপাশি প্রসিকিউশন সার্ভিস পেতেও ভুক্তভোগীদের বেগ পেতে হয় অনেক ক্ষেত্রে। এতে করে একদিকে যেমন মানব পাচারকারীদের শাস্তি নিশ্চিত করা যায় না, অন্যদিকে এ ধরনের মামলা পরিচালনার ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলে ভুক্তভোগীরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানব পাচার প্রতিরোধ সেলের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে মানব পাচার প্রতিরোধ আইনের সর্বমোট ৩১টি মামলা বিচারের মাধ্যমে নিষ্পত্তি হয়। এর মধ্যে ২৭টি মামলায় আসামিরা খালাস পায়। সাজা হয় চারটি মামলায়। সাজাপ্রাপ্ত মামলার আসামিদের মধ্যে সাতজনের যাবজ্জীবন এবং একজনের অন্যান্য মেয়াদে সাজা হয়। এর বিপরীতে বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে খালাস পায় ৫৪ জন। ওই বছরে মানব পাচার প্রতিরোধ আইনে মামলা হয়েছিল ৫৬১টি। প্রাথমিক তদন্ত শেষে পুলিশের পক্ষ থেকে অভিযোগপত্র দেয়া হয়েছিল ৪৮৯টি মামলার। আর চূড়ান্ত রিপোর্ট দেয়া হয় ১৫১টি মামলার।

পরের বছর অর্থাৎ ২০১৯ সালে মানব পাচার প্রতিরোধ আইনের সর্বমোট ৩৯টি মামলা বিচারিক কার্যক্রমের মাধ্যমে নিষ্পত্তি হয়। এর মধ্যে ৩০টি মামলায়ই আসামি খালাস পায় ৬৮ জন। সাজা হয় নয়টি মামলায়। এসব মামলায় সাজাপ্রাপ্ত হয় ২৫ জন। এর মধ্যে ১৭ জনের যাবজ্জীবন এবং বাকি আটজনের অন্যান্য মেয়াদে সাজা হয়। গত বছর মানব পাচার প্রতিরোধ আইনে মোট মামলা নথিভুক্ত হয়েছিল ৬৮৫টি। প্রাথমিক তদন্ত শেষে ৫৯৮টি মামলায় আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। চূড়ান্ত রিপোর্ট দেয় ৯৭টি মামলায়।

মানব পাচার প্রতিরোধ আইনে দায়ের হওয়া মামলার মধ্যে বিচারিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর সাজা না হওয়ার হার সবচেয়ে বেশি চলতি বছরে। এ বছরের প্রথম ছয় মাসে বিচারের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে ১০টি মামলা। এর মধ্যে আসামি খালাস পেয়েছে নয়টিতে। সাজা হয়েছে একটি মামলায়। মোট ১০টি মামলায় আসামি ছিল ৩১ জন। এর মধ্যে একজনের অন্যান্য মেয়াদে সাজা হয়েছে। বাকি ৩০ জন খালাস পেয়েছে। চলতি বছরের জুন মাস পর্যন্ত মানব পাচার প্রতিরোধ আইনে মামলা হয়েছে সর্বমোট ২২৬টি। এর মধ্যে প্রাথমিক তদন্ত শেষে অভিযোগপত্র দেয়া হয়েছে ১০২টি মামলায়।

দুর্বল অভিযোগপত্রের বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা  বলেন, তদন্তই একটি মামলায় একমাত্র দিক নয়। যখন একজন পুলিশ কর্মকর্তা তদন্ত করেন, তখন তাকে অবশ্যই পেশাদারিত্বের মধ্য দিয়ে এগোতে হয়। তিনি নিখুঁত তদন্তের চেষ্টা করেন, যদিও এক্ষেত্রে উন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে। আমরা তদন্ত কর্মকর্তাদের প্রশিক্ষণের ওপর জোর দিয়ে থাকি, যাতে তারা পেশাদারিত্বের সঙ্গে নিখুঁতভাবে তদন্ত শেষ করতে পারেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.