জোয়ার ভাটাই সুন্দরবনের প্রাণ, উদ্বেগের কিছু নেই দাবি বন বিভাগের

সুন্দরবন জোয়ার ভাটার ওপরই বেঁচে আছে। জোয়ারে ডুববে, আর ভাটায় জাগবে এটাই সুন্দরবনের প্রাণ ও সৌন্দর্য। এটা প্রাকৃতিক নিয়মেই হচ্ছে। আর আগস্ট অক্টোবরে এখানে জোয়ারের সর্বোচ্চ সীমা থাকে। আগস্টে ২ দশমিক ৬ মিটার, সেপ্টেম্বরে ২ দশমিক ৭ মিটার ও অক্টোবরে ২ দশমিক ৮ মিটার হয়। সুদীর্ঘ কাল ধরেই এভাবে চলে আসছে।

কিন্তু হঠাৎ চলতি বছর এ নিয়ে মাতামাতি কেন বুঝতে পারছি না। কথাগুলো বলছিলেন সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. বশিরুল আল মামুন।

তিনি বলেন, জোয়ার ভাটায় সুন্দরবনে এ পর্যন্ত জোয়ারের পানিতে কোনো বন্যপ্রাণী ক্ষতিগ্রস্ত হওয়ার রেকর্ড নেই। চলতি প্রক্রিয়ার মধ্যেও এ ধরনের কোনো তথ্য নেই। এটা নিয়ে উদ্বেগের কিছু নেই। স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া এটি।

বন্যপ্রাণীরাও এ বিষয়ের সঙ্গে পরিচিত। সুন্দরবনের গহিনের অনেক স্থানে উঁচু জায়গা করা আছে। সেখানেই বন্যপ্রাণীরা অবস্থান নেয়। জোয়ারের পানি বৃদ্ধির সঙ্গে বন্যপ্রাণীরা নিরাপদে চলে যায়। আবার ভাটা শুরু হলে নেমে আসে। এটাও প্রাকৃতিক প্রক্রিয়া।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, অতিরিক্ত জোয়ারের পানিতে করমজল প্রজনন কেন্দ্র তলিয়ে গেলেও কোনো বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতি নেই। পাশাপাশি জোয়ারের পানিতে সুন্দরবনও তলিয়ে যায়। আবার ভাটায় নেমে আসে। জোয়ারের পানির এ চাপ বন্যপ্রাণীদের জন্য প্রাকৃতিকভাবেই সহনশীল।

জোয়ারের অতিরিক্ত পানির চাপের সময় বন্যপ্রাণীরা বনের গহিনে ও বন বিভাগের অফিসের আশপাশে রাখা উঁচু জায়গায় অবস্থান নেয়। আবার ভাটার সময় পানি নেমে গেলে পরিবেশ স্বাভাবিক হয়। এখন পর্যন্ত জোয়ারের পানির চাপে কোনো ধরনের বন্যপ্রাণী ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে গত ২০ মে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে পশ্চিম সুন্দরবনের দুটি রেঞ্জ এলাকায় ১২ হাজার ৩৩২টি গাছ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া স্থাপনা, জেটি, উডেন ট্রেইল, ওয়াচ টাওয়ার ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়। পূর্ব সুন্দরবনের দুটি রেঞ্জ এলাকায় ২৬টি গাছ ভেঙে যায়। জব্দ রাখা বেশকিছু কাঠ জোয়ারের পানিতে ভেসে যায়। তবে বাঘ, হরিণসহ অন্য কোনো বন্যপ্রাণীর কোনো ধরনের ক্ষতির খবর ছিল না।

আবার ২০০৯ সালের ২৫ মে আইলার আঘাতে সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বিভাগে গাছপালা, স্থাপনা মিলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শরণখোলা রেঞ্জের অধীন ৩৬ হেক্টরের তিনটি বাগান সম্পূর্ণ নষ্ট হয়। এ সময়ে ৩১ মে পর্যন্ত তিনটি হরিণ ও একটি শূকরের মরদেহ পাওয়া যায়। পশ্চিম বন বিভাগের আওতায় সুন্দরবনের নয়টি স্টেশনের ৩৫টি টহল ফাঁড়ির মধ্যে ১২টি ২০০৭ সালের ১৫ নভেম্বরের ঘূর্ণিঝড় সিডরে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.