সংক্রমণমুক্ত ১০০তম দিন পার করলো থাইল্যান্ড

স্থানীয় সংক্রমণমুক্ত একশতম দিন পার করলো থাইল্যান্ড। এর ফলে বৈশ্বিক মহামারী কভিড-১৯ সংক্রমণ আপাত নির্মূল করা তাইওয়ানের মতো হাতেগোনা কয়েকটি দেশের তালিকায় যুক্ত হলো এই দেশ।

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি গত ২৬ মে থেকে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী সংক্রমণের প্রমাণ পায়নি। আজ বুধবার প্রকাশিত দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য উপাত্তে এমন চিত্র দেখানো হয়েছে।

তবে কর্তৃপক্ষ এখনো বাইরে থেকে আসা নাগরিক, পর্যটক ও বিদেশীদের মধ্যে কিছু কিছু সংক্রমণ পাচ্ছে। বিশেষ করে দেশটির অর্থনীতিতে পর্যটন বাণিজ্যের বেশ বড় অবদান রয়েছে, ফলে সীমান্ত খুলে দেয়ার ব্যাপারে তড়িঘড়ি করতে হচ্ছে কর্তৃপক্ষকে। তবে বাইরে থেকে আসা সবাইকেই কঠোরভাবে কোয়ারেন্টিন মানতে হচ্ছে। আর কেউ আক্রান্ত শনাক্ত হলে পুরোপুরি করোনামুক্ত না হওয়া পর্যন্ত স্থানীয়দের সঙ্গে তাকে মিশতে দেয়া হচ্ছে না।

এর আগে তাইওয়ান ও নিউজিল্যান্ড স্থানীয় সংক্রমণমুক্ত টানা ১০০ দিন পার করেছে। তবে সম্প্রতি হঠাৎ করেই স্থানীয় সংক্রমণ দেখা দিয়েছে। যদিও তা এখন পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে।

কর্তৃপক্ষে কঠোর নিয়ন্ত্রণ নীতিই থাইল্যান্ডের এই সাফল্যের পেছনে প্রধান ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে সীমান্তে কঠোর পুলিশি পাহারা, সেই সঙ্গে কয়েক মাস পর্যন্ত বিদেশীদের প্রবেশ নিষিদ্ধ রাখা বেশ কাজে দিয়েছে। যদিও পর্যটননির্ভর এই দেশটিকে এর জন্য চড়া মূল্য দিতে হয়েছে।

সূত্র: ব্লুমবার্গ

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.