ভারতে ছয় মাস আটকে থাকার পর দেশে ফিরলেন সবুজ

অবশেষে আজ শনিবার দুপুরে দেশে ফিরলেন চট্টগ্রামের মো. সবুজ (৩২)। করোনা মহামারির ও লকডাউনের কারণে অনেক দেশেই আটকে পড়েছিলেন বাংলাদেশিরা। কিন্তু সবুজের গল্পটা ছিল অন্যরকম।

দেশে যে ফিরতে পারব সেই আশা ছেড়েই দিয়েছিলাম। দেশের মাটিতে ফিরে অনেক ভালো লাগছে, আজ শনিবার দুপুরে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মুঠোফোনে জানালেন সবুজ।

গত ছয় মাস সবুজের জীবনে অনেক ঝড় বয়ে গেছে। দক্ষিণ ভারতের চেন্নাইতে আটকে ছিলেন সবুজ। কথা বলতে গিয়ে তিনি জানালেন, সারা দিন ভাবতেন কিভাবে চট্টগ্রামের জোয়ালগঞ্জের বাসায় ফিরবেন।

গত মার্চ মাসে কিছু টাকা নিয়ে ভারতে ঘুরতে আসেন সবুজ। গ্রামের এক বন্ধুর সঙ্গে চেন্নাইতে কিছুদিন থেকে কলকাতা ঘুরে দেশে ফেরার কথা ছিল। লকডাউন এসব পরিকল্পনা পাল্টে গেল আর আটকে গেলেন সবুজ।

ওমানে এক হোটেলে কাজ করে কিছু টাকা জমিয়ে দেশে ফিরে চলতি বছর বিয়ে করেন সবুজ। আর তারপরেই চলে আসেন ভারত ঘুরতে। কলকাতা থেকে চেন্নাই যাওয়া পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু তারপর আটকে যান চেন্নাইতে, কারণ কলকাতায় ফেরা সম্ভব ছিল না।

টাকার অভাবে হোটেল ছেড়ে একটা বাসা ভাড়া নেন সবুজ কিন্তু পরে সেই ভাড়ার টাকাও দিতে পারতেন না কারণ দেশ থেকে আনা সব টাকা শেষ হয়ে গেছে ততদিনে। বাসার মালিকের ফলের দোকানে কাজ করেছি ওই সময়, ভিক্ষা করাটাই বাকি ছিল বলে জানান সবুজ।

মালিক কাজের বিনিময়ে যে টাকা দিতেন তার থেকে খাবার জন্য কিছু খরচ করে বাকি সব টাকা জমাতেন দেশে ফেরার জন্য। ভাবতেন ট্রেন চালু হলেই চলে আসবেন কলকাতায়। ট্রেন চালু হওয়ার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে শেষে বিমানে চেন্নাই থেকে কলকাতায় আসেন বৃহস্পতিবার রাতে। কিন্তু কলকাতায় এসে আবার আটকে গেলেন কারণ শুক্রবার কলকাতায় ছিল লকডাউন।

‘সারা দিন বিমানবন্দরের বাইরে কাটালাম… আজ শনিবার সকালে বাসে করে পেট্রাপোলে এলাম তারপরে সীমান্ত পেরিয়ে দেশে’ জানালেন সবুজ। ঘোরাঘুরির খুব শখ ছিল ছোটবেলা থেকেই। কিন্তু এখন থেকে গ্রামেই বেশি সময় কাটাবেন বলে জানান সবুজ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.